রাজ্যের খবর

ফুলসজ্জার রাতেই বরকে নাপসন্দ! বিয়ের গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে দিঘা-পুরী, তারপর যা হল…

খড়্গপুর স্টেশনে ক্ষণিকের আলাপেই প্রেম, ১ লক্ষ ৭০ হাজার টাকার গয়না বিক্রি করে পুরী ভ্রমণ! সিভিক কর্মীর স্ত্রীর কাণ্ডে গ্রেফতার শেক হাসমত

Truth of Bengal: অসম্মতি সত্ত্বেও বিয়ে এবং ফুলসজ্জার রাতেই স্বামীকে নাপসন্দ হওয়ার জেরে শ্বশুরবাড়ি থেকে বিয়ের গয়না নিয়ে পালিয়ে গিয়েছিলেন এক নববধূ। পথে আলাপ হওয়া এক যুবকের সঙ্গে ক্ষণিকের পরিচয়েই প্রেম, তারপর দিঘা ও পুরী ভ্রমণ, চাঞ্চল্যকর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ঝাড়গ্রামে। এই ঘটনায় অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শেক হাসমত; ঝাড়গ্রাম থানার রাধনগর গ্রামের বাসিন্দা ওই যুবককে মঙ্গলবার ঝাড়গ্রাম শহর থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নববধূর স্বামী পেশায় সিভিক পুলিশ এবং ঝাড়গ্রাম থানার আগুইবনি গ্রামের বাসিন্দা। গত ৬ অক্টোবর খড়্গপুরের ধারেন্ডা গ্রামের ওই তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। অভিযোগ, ফুলসজ্জার রাতেই নববধূ জানান, তাঁকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে এবং স্বামীকেও তাঁর পছন্দ নয়। পরদিন বাপেরবাড়ির লোকজন এসে তাঁকে নিয়ে যান। এরপর কয়েকবার শ্বশুরবাড়ি এলেও ফের বাড়ি ফিরে যেতেন ওই তরুণী।

ঘটনার মোড় ঘোরে গত ২ নভেম্বর। অভিযোগ, সেদিন শ্বশুরবাড়ি থেকে সোনার গয়না নিয়ে বেরিয়ে যান তিনি। ওই দিনই খড়্গপুর স্টেশনে শেক হাসমতের সঙ্গে তাঁর আলাপ হয়। তদন্তকারীদের দাবি, হাসমত বিবাহিত এবং তাঁর দেড় বছরের ছেলে ও সাড়ে চার বছরের মেয়ে থাকলেও নিজের পরিচয় ও পারিবারিক তথ্য গোপন করে তরুণীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে। পথেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় বলে খবর।

এরপর দু’জনে মিলে দিঘায় চলে যান। কয়েকদিন পর ঝাড়গ্রামে ফিরে এসে সঙ্গে থাকা গয়না একটি দোকানে ১ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করে পুরী বেড়াতে যান তাঁরা। পুরী থেকে ফিরে ঝাড়গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন দু’জনে। এদিকে, স্ত্রী নিখোঁজ হওয়ায় ঝাড়গ্রাম থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন স্বামী। তদন্তে নেমে বিভিন্ন সূত্র ধরে গত ১৮ নভেম্বর তরুণীকে উদ্ধার করে পুলিশ এবং আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে তাঁকে বাবার বাড়িতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে তরুণীর ফোনের সূত্র ও সেলফি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই হাসমতের হদিশ মেলে এবং মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়।

Related Articles