দেশ

তিনটি খুনের বদলা? অসমে পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ দুই যুবক, হাসপাতালে ভর্তি দুই জখম পুলিশকর্মীও

এই গুলির লড়াইয়ে দুই অভিযুক্তের পাশাপাশি আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবলও

Truth of Bengal: অসমে ফের এনকাউন্টারের ঘটনা। পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করতেই গুলিবিদ্ধ হল একই পরিবারের তিন সদস্যকে খুনের ঘটনায় অভিযুক্ত দুই যুবক। বুধবার সকালে ডিব্রুগড়ের বরদুবি থানার অন্তর্গত বালিজান চা বাগান সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, অভিযুক্তদের ধরতে পালটা গুলি চালাতে হয় তাদের। এই গুলির লড়াইয়ে দুই অভিযুক্তের পাশাপাশি আহত হয়েছেন দুই পুলিশ কনস্টেবলও। চারজনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, গত ১৬ জুন দুলিয়াজানের কমলাবাড়ি এলাকায় একই পরিবারের তিন সদস্যকে খুনের ঘটনা ঘটে। তদন্তে নেমে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই শিবসাগর জেলার সিমালুগুড়ি স্টেশন থেকে রাজু দাস ও আমির দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এরপর খুনের ঘটনার পুনর্নির্মাণ এবং ডাকাতি করা সামগ্রী কোথায় লুকিয়ে রাখা হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়।

সেই সূত্র ধরেই বুধবার সকালে দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে বালিজান চা বাগান সংলগ্ন এলাকায় তল্লাশি চালাতে যায় পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করে দুই যুবক। বাধা দিতে গেলে দুই পুলিশকর্মীর উপর হামলা চালায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। পুলিশের দাবি, অভিযুক্তদের লক্ষ্য করে মোট চার রাউন্ড গুলি চালানো হয়। গুলিতে গুরুতর আহত হয় দু’জনই। উল্লেখ্য, এই মামলায় নিহতরা হলেন অয়েল ইন্ডিয়া লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মী চন্দ্রকান্ত ভূঁইয়া, তাঁর স্ত্রী এলিজা ভূঁইয়া এবং তাঁদের মেয়ে নিহারিকা ভূঁইয়া। অভিযোগ, বাড়ির তিন সদস্যকে হাতুড়ি ও লোহার রড দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল। এরপর বাড়ি থেকে নগদ টাকা, সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

তদন্তে পুলিশের দাবি, এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু দাস। বেশ কয়েক বছর ধরে ওই পরিবারের দেখভালের দায়িত্বে ছিল সে। সেই সুবাদে পরিবারের সদস্যদের সঙ্গে তার পরিচিতিও ছিল। এই সুযোগকে কাজে লাগিয়েই অপরাধের ছক কষেছিল বলে অভিযোগ। গোটা ঘটনায় রাজুকে সাহায্য করেছিল আমির দাস।