ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই বঙ্গে উত্তুরে হাওয়া! ২০ ডিগ্রির নিচে নামল কলকাতার পারদ, সপ্তাহান্তে আরও নামবে তাপমাত্রা
২৪ ঘণ্টায় ৩ ডিগ্রি কমল কলকাতার তাপমাত্রা, পশ্চিমের জেলায় পারদ নামতে পারে ১৪ ডিগ্রিতে! কেমন থাকবে আজকের আবহাওয়া?
Truth of Bengal: ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই ধীরে ধীরে মেঘমুক্ত হচ্ছে বাংলার আকাশ। এর মাঝেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। যার জেরে ইতিমধ্যেই শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে খবর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামবে এবং রাজ্যে শীতের আমেজ আরও জোরালো হবে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে নেমে এসেছে, যেখানে গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৯৭ শতাংশের মধ্যে রয়েছে। বুধবার সকাল থেকেই হালকা উত্তুরে হাওয়া ও ফুরফুরে শীতের আমেজ অনুভূত হয়েছে শহরে। হাওয়া অফিস জানিয়েছে, আজ রাজ্যে পুরোপুরি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও দ্রুত নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও আগামী শুক্রবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে রাতের তাপমাত্রা। সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও উত্তরে হাওয়ার কামড় শুরু হয়েছে এবং পার্বত্য অঞ্চলে ইতিমধ্যেই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকায় কুয়াশার দাপট বেশি থাকতে পারে। সকালে কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকা একটি ঘূর্ণাবর্ত ক্রমশ অসমের দিকে সরে যাচ্ছে, যার ফলেই বঙ্গে আবহাওয়ার এই পরিবর্তন দেখা দিয়েছে।





