রাজ্যের খবর

“পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে, তদন্ত হোক!” রেখা পাত্রের বিষক্রিয়া রহস্যে বিস্ফোরক বিধায়কের দিদি

মুকুন্দপুরের হাসপাতালে অনেকটাই সুস্থ রেখা পাত্র! সিটিস্ক্যানের পর হাত নেড়ে দিলেন সাড়া, খোঁজ নিলেন অর্চনা মজুমদার

Truth of Bengal: হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শরীরে মারাত্মক কীটনাশক প্রবেশের ঘটনা ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যার চেষ্টা, নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোনও চক্রান্ত, তা নিয়ে জোর চর্চা চলছে। মঙ্গলবার রেখার দিদি রেবা নস্কর আশঙ্কা প্রকাশ করে বলেন, “পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে, তদন্ত করে দেখা হোক।” তবে এই ষড়যন্ত্রে দলের একাংশ না কি পরিবারের কেউ যুক্ত, তা স্পষ্ট করেননি তিনি। যদিও দল যে বিধায়কের পাশে রয়েছে, তা আগেই হাসপাতালে এসে স্পষ্ট করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

অন্যদিকে, মঙ্গলবার সুন্দরবনের সন্দেশখালির পাত্রপাড়ায় বসে রেখার শ্বশুর ধীরেন পাত্র ও শাশুড়ি অনুপমা বিস্ফোরক অভিযোগ তোলেন। ধীরেন পাত্রের দাবি, আন্দোলনের সময় তাঁরা পাশে থাকলেও বিধায়ক হওয়ার পর থেকে রেখা আর খোঁজখবর নেন না; এমনকি তাঁর ছেলে সন্দীপকে রেখার বোন ও ভগ্নিপতি মারধর করিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। শাশুড়ি অনুপমার কটাক্ষ, লোকসভা ভোটে দাঁড়ানোর পর থেকেই খোঁজ নেওয়া বন্ধ করে দিয়েছেন রেখা, তাঁরা বেঁচে আছেন কি না, তাও জানতে চান না।

তবে আশার কথা, কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। মঙ্গলবার সকালে দিদির সঙ্গে কথা বলার পাশাপাশি আস্তে আস্তে কথা বলতে দেখা যায় তাঁকে; “সুস্থ আছেন?” প্রশ্নে হাত নেড়ে সম্মতি দেন তিনি। এদিন তাঁর সিটিস্ক্যানও করা হয় এবং হাসপাতালে তাঁকে দেখতে যান বিজেপি নেত্রী অর্চনা মজুমদার।

প্রসঙ্গত, জেলবন্দি নেতা শাহজাহানের বিরুদ্ধে আন্দোলনে প্রতিবাদী মুখ হিসেবে উঠে আসা রেখা পাত্র প্রথমে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরে হিঙ্গলগঞ্জের বিধায়ক হন এবং লেবুখালির ভাড়াবাড়িতে থাকতেন। শনিবার রাতে তীব্র বিষক্রিয়ায় সংকটজনক অবস্থায় তাঁকে কলকাতায় আনা হয়। ঘাস মারার কীটনাশক খাওয়ার জল্পনা নিয়ে দিদি রেবা নস্কর জানান, বাড়িতে এমন কীটনাশক তিনি দেখেননি, তবে রেখার স্পষ্টবাদী স্বভাবের কারণে কারও রোষ বা ষড়যন্ত্রের শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা জরুরি। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার, আর রেখার দ্রুত আরোগ্য কামনা করেছেন সন্দেশখালির আরেক প্রতিবাদী পিয়ালী দাস।

Related Articles