মুক্তোর পুট্টিতেই জুড়বে ভাঙা হাড়! ২৪ ঘণ্টায় বদলে যাবে ক্যালশিয়ামের রসায়ন
শুনতে অবাক লাগলেও এমনই এক অভিনব চিকিৎসাপদ্ধতি নিয়ে গবেষণা করছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা
Truth of Bengal: মুক্তোর গয়না পরার শখ অনেকেরই রয়েছে। কিন্তু সেই মুক্তোই যে একদিন ভাঙা হাড় জোড়ার কাজে লাগতে পারে, তা কি কখনও ভেবেছেন? শুনতে অবাক লাগলেও এমনই এক অভিনব চিকিৎসাপদ্ধতি নিয়ে গবেষণা করছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। তাঁদের দাবি, বিশেষ পদ্ধতিতে তৈরি মুক্তোর খোলসের পুট্টি ভাঙা বা ক্ষতিগ্রস্ত হাড়ের জায়গায় লাগানো গেলে স্বাভাবিক প্রক্রিয়াতেই নতুন করে হাড় তৈরি হতে পারে। এমনকী, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই পুট্টির রাসায়নিক গঠনে পরিবর্তন আসার কথাও জানিয়েছেন গবেষকেরা। হাড় মেরামতের ক্ষেত্রে এই আবিষ্কার ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞানে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।
মুক্তোর খোলসেই লুকিয়ে হাড় জোড়ার রহস্য!
হাড় ভাঙলে তা আগের অবস্থায় ফিরিয়ে আনা বেশ সময়সাপেক্ষ। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে সমস্যা আরও জটিল হয়ে ওঠে। বয়স বাড়ার সঙ্গে হাড়ের ঘনত্ব কমে যায়। অস্টিয়োপোরোসিসের মতো রোগ থাকলে সামান্য আঘাতেও হাড়ে চিড় ধরতে পারে। অনেক ক্ষেত্রে দীর্ঘ চিকিৎসার পরেও ভাঙা হাড় ঠিকমতো জোড়া লাগে না। তখন রোগীর নিজের শরীর থেকে হাড় নিয়ে প্রতিস্থাপন, কিংবা কৃত্রিম উপাদান ব্যবহারের প্রয়োজন হয়। কিন্তু এই দুই পদ্ধতিরই কিছু সীমাবদ্ধতা রয়েছে।
এই সমস্যার বিকল্প খুঁজতেই মুক্তোর খোলস নিয়ে গবেষণা শুরু করেন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষকেরা। গবেষক মিংহাও ঝেং অস্ট্রেলিয়ার উপকূলে পাওয়া বিশেষ প্রজাতির ঝিনুক ‘পিঙ্কটাডা ম্যাক্সিমা’ থেকে তৈরি মুক্তো ব্যবহার করে এই বিশেষ পুট্টি প্রস্তুত করেছেন।
২৪ ঘণ্টায় কী ভাবে কাজ করবে এই পুট্টি?
গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, ঝিনুকের খোলস মূলত ক্যালশিয়াম কার্বোনেট দিয়ে তৈরি। অন্যদিকে, মানুষের হাড়ের অন্যতম প্রধান উপাদান ক্যালশিয়াম ফসফেট। বিশেষ প্রযুক্তিতে তৈরি মুক্তোর পুট্টি ভাঙা হাড়ের সংস্পর্শে এলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তার উপাদানে পরিবর্তন ঘটবে। গবেষকদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যেই ক্যালশিয়াম কার্বোনেট থেকে ক্যালশিয়াম ফসফেটে রূপান্তরের প্রক্রিয়া শুরু হতে পারে। এর ফলে ক্ষতিগ্রস্ত জায়গায় নতুন হাড় তৈরির উপযোগী পরিবেশ তৈরি হবে। অর্থাৎ, হাড়ের স্বাভাবিক পুনর্গঠন প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলাই এই গবেষণার মূল লক্ষ্য।
কোন কোন ক্ষেত্রে কাজে আসতে পারে?
দুর্ঘটনা বা বড়সড় আঘাতের কারণে হাড় সম্পূর্ণ ভেঙে গেলে তাকে বলা হয় কমপ্লিট ফ্র্যাকচার। আবার ত্বকের বাইরে কোনও ক্ষত না থাকলেও ভিতরে হাড় ভেঙে যেতে পারে, যা ক্লোজ়ড ফ্র্যাকচার নামে পরিচিত। হাড়ের টুকরো সরে গিয়ে অবস্থান বদলে ফেললে তাকে বলা হয় ডিসপ্লেসড ফ্র্যাকচার। এ ছাড়াও অস্টিয়োপোরোসিসের কারণে হাড়ে সূক্ষ্ম চিড় বা হেয়ারলাইন ফ্র্যাকচার হতে পারে। গবেষকদের আশা, এই ধরনের বিভিন্ন ক্ষত সারানোর ক্ষেত্রে ভবিষ্যতে মুক্তোর পুট্টি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
মানুষের হাড়ের বাইরের আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম। তার ভিতরে রয়েছে কর্টিকাল বোন এবং আরও গভীরে অস্থিমজ্জা। হাড় থেঁতলে গেলে কিংবা ভাঙা অংশের মধ্যে ফাঁক তৈরি হলে সেই জায়গা পূরণ করাও চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ। গবেষকদের দাবি, মুক্তোর পুট্টি দিয়ে এমন ফাঁকা অংশ ভরাট করা সম্ভব হলে সেখানে নতুন হাড় গঠনে সাহায্য মিলতে পারে।
সবচেয়ে বড় কথা, এই পদ্ধতি সফল হলে ভবিষ্যতে হাড় প্রতিস্থাপনের জন্য অন্য কোনও ব্যক্তির শরীর থেকে হাড় সংগ্রহের প্রয়োজন কমতে পারে। কৃত্রিম উপাদানের উপর নির্ভরশীলতাও কমানোর সম্ভাবনা রয়েছে। আমেরিকাতেও এই প্রযুক্তি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। তবে সাধারণ রোগীদের চিকিৎসায় ব্যবহারের আগে এর নিরাপত্তা, কার্যকারিতা এবং দীর্ঘমেয়াদি ফলাফল নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। তাই এখনই ভাঙা হাড়ে মুক্তোর পুট্টি লাগিয়ে চিকিৎসার দাবি করা ঠিক হবে না। তবে গবেষণার এই নতুন দিশা ভবিষ্যতে হাড়ের চিকিৎসায় আশার আলো দেখাচ্ছে।



