রাজ্যের খবর

খাদ্যে বিষক্রিয়া নাকি বিষ খান রেখা পাত্র? বিজেপি বিধায়কের অসুস্থতা ঘিরে ঘনাচ্ছে রহস্য, আটক ১

শনিবার রাতে ঘাস মারার বিষ খেয়েছিলেন রেখা পাত্র? স্বাস্থ্যমন্ত্রী বললেন ‘ফুড পয়জন’, অথচ পরিবার ও পুলিশের সূত্রে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য!

Truth of Bengal: হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের আকস্মিক অসুস্থতা ঘিরে এবার নতুন করে ঘনাচ্ছে রহস্য। খাবারে বিষক্রিয়া নাকি তিনি নিজেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, চিকিৎসায় তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতেই দিনভর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। শনিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতাল ও বসিরহাট হয়ে রবিবার ভোর চারটে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রেখাকে। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

রবিবার হাসপাতালে দলীয় বিধায়ককে দেখার পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় দাবি করেন, কিছু একটা খাবার খাওয়ার জেরেই বিষক্রিয়া হয়েছে এবং প্রাথমিকভাবে এটি ‘ফুড পয়জন’ বলেই আশঙ্কা করা হচ্ছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই তিনি হাসপাতালে এসেছেন এবং এই কঠিন সময়ে বিজেপি পরিবারের পাশে রয়েছে।

যদিও স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পাশাপাশি উঠে আসছে সম্পূর্ণ ভিন্ন তথ্য। পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে, শনিবার রাত ন’টা নাগাদ ঘাস মারার অত্যন্ত বিষাক্ত বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বিধায়ক। প্রথমে তাঁকে বসিরহাট গ্রামীণ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসায় সাড়া না মেলায় বিজেপির শীর্ষ নেতৃত্বের পরামর্শে ভোরে কলকাতায় আনা হয় তাঁকে।

কিন্তু কেন এমন চরম পদক্ষেপ নিতে গেলেন বিধায়ক? স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই নানা কারণে মানসিক অবসাদে ভুগছিলেন রেখা পাত্র। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদের পাশাপাশি দলের অন্দরেও তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন বলে জানা গিয়েছে। সম্প্রতি একটি সভায় তাঁকে আক্ষেপ করে বলতে শোনা গিয়েছিল যে, বেশিদূর পড়াশোনা করতে না পারায় দলের একাংশের নেতৃত্বের কাছে তিনি যথাযথ সম্মান পান না এবং বিভিন্ন কর্মসূচিতেও ডাক পাচ্ছিলেন না। এছাড়াও, গত কয়েক মাস ধরে হিঙ্গলগঞ্জে যে বাড়িতে তিনি ভাড়া থাকছিলেন, সেখানে ভাড়া দেওয়া নিয়ে বাড়িওয়ালার সঙ্গেও ঝামেলা চলছিল। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। ফলে এর নেপথ্যে কারও প্ররোচনা বা অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles