রাজ্যের খবর

“মদের দোকান ছাড়া নবদ্বীপ কিছুই পায়নি!”, রাসের উদ্বোধনে চৈতন্যভূমির জন্য কোটি টাকার প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

চৈতন্যদেবের রিসার্চ সেন্টারে ২ কোটি, গোশালায় ১ কোটি ও নতুন সেতু নির্মাণ! পূর্বতন জমানাকে তীব্র আক্রমণ করে নবদ্বীপে উন্নয়নের জোয়ার আনলেন শুভেন্দু

Truth of Bengal: মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় চৈতন্যভূম নবদ্বীপ চরমভাবে উপেক্ষিত হয়েছে, এমনই তীব্র আক্রমণ শানিয়ে পুণ্যভূমির সার্বিক উন্নয়নে একগুচ্ছ বড় প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সকালে ঐতিহ্যবাহী রাস উৎসবের উদ্বোধনে নবদ্বীপে গিয়ে শ্রীচৈতন্যদেবের জন্মস্থান মন্দিরে পুজো দেন তিনি এবং নবদ্বীপ মুক্তি সূর্য ক্লাবের ভারত মাতা পুজোরও উদ্বোধন করেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাচীন এই শহরের পরিকাঠামো উন্নয়ন, ঘাট সংস্কার, আধুনিক লঞ্চ পরিষেবা এবং ধর্মীয় ও গবেষণামূলক খাতে বিপুল অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিন পূর্বতন সরকারকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “গত সরকার একটি দেশি মদের দোকান ও আটটি বিদেশি মদের দোকান ছাড়া নবদ্বীপের জন্য আর কিছু করেনি। পরিকাঠামো উন্নয়ন বা সরকারি স্তরে কোনও দৃষ্টিপাতই হয়নি। শুনলাম একটি ঘাট তৈরি করেছিল, সেটিও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং চলে না।”

চৈতন্যভূমির গৌরব ফেরাতে এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রভু শ্রীচৈতন্যদেবের ওপর তৈরি হওয়া অর্ধসমাপ্ত রিসার্চ সেন্টারের কাজ সম্পূর্ণ করতে ২ কোটি টাকা বরাদ্দ করা হল। পাশাপাশি, নবদ্বীপে গোশালা সম্প্রসারণের জন্য আরও ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন তিনি। আগামী ডিসেম্বরের মধ্যেই এই দুটি ঘোষণা বাস্তবায়িত হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও প্রাচীন ঐতিহ্য বজায় রাখতে নবদ্বীপে গুরুকুল এবং সংস্কৃত টোল চালুর প্রস্তাবও দিয়েছেন তিনি।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও বড় পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সেচ দফতরের মাধ্যমে ভেঙে যাওয়া ঘাটটি সম্পূর্ণ ও সুন্দরভাবে সংস্কার করা হবে এবং একটি স্থায়ী সেতু নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। তবে সেতুর ডিপিআর (DPR) ও নির্মাণকাজ শেষ হতে যতদিন সময় লাগবে, ততদিন পরিবহণ দফতরের উদ্যোগে সুসজ্জিত আধুনিক লঞ্চ পরিষেবা চালানো হবে। আগামী দু’মাসের মধ্যেই ঘাট সংস্কার ও লঞ্চ পরিষেবা চালু হয়ে যাবে এবং আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনি নিজে এসে সেটির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related Articles