হাসিনার ফেরার পথ কি বেনাপোল? সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন আওয়ামি লিগের নেতারা
রবিবার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনে যাওয়ার কথা আওয়ামী লিগের চার শীর্ষ নেতার।
Truth of Bengal: ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই নতুন করে উত্তপ্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। বিভিন্ন জায়গায় আওয়ামী লিগের কর্মসূচি ঘিরে অশান্তির খবর সামনে আসছে। এরই মধ্যে রবিবার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনে যাওয়ার কথা আওয়ামী লিগের চার শীর্ষ নেতার। তাঁদের এই সফর ঘিরেই জল্পনা, বনগাঁ সীমান্ত দিয়েই কি দেশে ফিরতে পারেন হাসিনা?
সূত্রের খবর, রবিবার সীমান্তে যাওয়ার কথা আওয়ামী লিগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ সালাউদ্দিন নাসিমের। জানা যাচ্ছে, ওই এলাকায় তিন-চার দিন থাকার পর তাঁদের আগরতলায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই সফরের প্রকৃত উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে, শনিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লিগের প্রাক্তন তিন সাংসদ ও এক প্রাক্তন মেয়রের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। ব্রাহ্মণবাড়িয়াতেও ছাত্রলিগের দুই নেতার বাড়িতে হামলার খবর মিলেছে। চট্টগ্রামে বিএনপির ছাত্রদলের মোটরবাইক মিছিলেও হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ যুবলিগের কর্মীদের বিরুদ্ধে। একাধিক বাইক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে।
নিষিদ্ধ ঘোষণার পরেও আওয়ামী লিগের তৎপরতা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে। ঢাকা-সহ বিভিন্ন জায়গায় হামলা, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। বিশেষ করে আওয়ামী লিগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে পরিস্থিতি উত্তপ্ত। একাধিক থানা ও হাসপাতালে হামলার অভিযোগও সামনে এসেছে।
পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে সেনা মোতায়েন করেছে তারেক রহমানের সরকার। কিন্তু তারপরেও অশান্তি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতিতে বেনাপোল সীমান্তে আওয়ামী লিগের শীর্ষ নেতাদের সফর এবং হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।






