কলকাতা

আশীর্বাদ পর্ব মিটতেই দেবাংশুর বাড়িতে কার্তিক ঠাকুর

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করতেই নতুন করে চর্চায় উঠে এলেন তৃণমূলের একদা ঘনিষ্ঠ এই নেতা।

Truth of Bengal: বিয়ের আশীর্বাদ পর্বের খবর প্রকাশ্যে আসার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দেবাংশু ভট্টাচার্যের বাড়িতে হাজির কার্তিক ঠাকুর। সঙ্গে রয়েছে তাঁর পছন্দের খাবারের আয়োজনও। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করতেই নতুন করে চর্চায় উঠে এলেন তৃণমূলের একদা ঘনিষ্ঠ এই নেতা। ছবির সঙ্গে মজার ছলে দেবাংশু লিখেছেন, ‘পারিবারিক আশীর্বাদ পর্ব হয়েছে কেবল! এত উত্তেজিত হবেন না প্লিজ!’

একসময় বঙ্গ রাজনীতির অন্যতম পরিচিত মুখ ছিলেন দেবাংশু ভট্টাচার্য। বিশেষ করে পালাবদলের আগে তৃণমূলের হয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক ময়দানে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকে তাঁকে আর সেভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি। আপাতত রাজনীতির আঙিনা থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি।

এরই মধ্যে গত রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের নতুন অধ্যায়ের খবর জানান দেবাংশু। প্রেমিকার সঙ্গে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আশীর্বাদ পর্ব। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতেই চার হাত এক হতে চলেছে। স্বাভাবিকভাবেই তাঁর বিয়ের খবর সামনে আসতেই অনুরাগী ও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।

তবে আশীর্বাদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই দেবাংশুর বাড়িতে কার্তিক ঠাকুরের আগমন ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। কারণ, আজ মঙ্গলবার কার্তিকপুজো। বাংলার ঘরে ঘরে এই পুজোকে ঘিরে নানা রকম মজার রীতি ও লোকাচার প্রচলিত রয়েছে। তারই মধ্যে নতুন করে আলোচনায় দেবাংশুর বাড়ির কার্তিক। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ঘিরে নেটিজেনদের একাংশের কৌতুক ও শুভেচ্ছা—দুই-ই চোখে পড়ছে।

Related Articles