বদলের বাংলায় ফের ‘এনকাউন্টার’, পুলিশের গুলিতে নিহত কনস্টেবলের পায়ে গুলি করা রতন শেখ
গুলি করলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?’ রতন শেখের এনকাউন্টারের পরই বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!
Truth of Bengal: শান্তিনিকেতনে কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই পুলিশের এনকাউন্টারে খতম হল মূল অভিযুক্ত রতন শেখ। রবিবার দুপুরে এই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার ব্যবধানেই নানুরের চারকোল গ্রামের কাছে একটি ইটভাটার সংলগ্ন এলাকায় পুলিশের গুলিতে তার মৃত্যু হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহত রতন শেখের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় খুনের চেষ্টা-সহ অন্তত ৩৬টি গুরুতর ফৌজদারি মামলা ঝুলে ছিল।
এই এনকাউন্টারের খবর প্রকাশ্যে আসতেই অপরাধীদের উদ্দেশে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় খুনি, ধর্ষকের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে যা করার তাই করা হবে। গুলি করলে ওরা কি বাতাসা খাওয়াবে নাকি!” পাশাপাশি দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “গুণ্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।” উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর এই নিয়ে মোট পাঁচটি এনকাউন্টারের ঘটনা ঘটল।
ঘটনার সূত্রপাত হয়েছিল শুক্রবার সন্ধ্যায়। গোপন সূত্রে পুলিশ খবর পায় যে, কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ শান্তিনিকেতনের লাইক বাজার এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতে প্রান্তিক আউটপোস্ট থেকে সাদা পোশাকে বাইকে চেপে সেখানে অভিযানে যান শান্তিনিকেতন থানার তিন পুলিশকর্মী। পুলিশ রতনকে প্রায় নাগালের মধ্যে পেয়ে যেতেই সে সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র বের করে কনস্টেবল বিশ্বজিৎ দাসকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পায়ে গুলি লেগে গুরুতর জখম হন ওই কনস্টেবল এবং তাঁকে তড়িঘড়ি বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।
শনিবার রাতে হাসপাতালে গিয়ে আহত কনস্টেবল বিশ্বজিৎ দাসের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে সময়ই তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, “পুলিশকর্মীর রক্ত বৃথা যাবে না।” মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই রবিবার দুপুরে গ্রেপ্তার হয় রতন শেখ এবং তার কিছুক্ষণের মধ্যেই নানুরে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বীরভূম জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।






