কলকাতারাজ্যের খবর

কলকাতা পুরসভার ২০৯ ওয়ার্ডে বিজেপির কো-অর্ডিনেটর? শুভেন্দুর প্রস্তাবে শমীকের সিলমোহর!

পুরভোটের বিজ্ঞপ্তি জারির বিষয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করছে।

Truth of Bengal: কলকাতা পুরসভার পুনর্বিন্যাস হওয়া ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ নিয়ে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাবকে কার্যত সমর্থন জানিয়ে তিনি স্পষ্ট করেছেন, কো-অর্ডিনেটর নিয়োগের পরিস্থিতি তৈরি হলে বিজেপির নেতারাই সেই দায়িত্ব সামলাবেন। বুধবার ভাইফোঁটা নিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, বামেদের পার্টি অফিস থেকে কাউকে কিংবা তৃণমূলের চিহ্নিত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের এই পদে বসানো হবে না।

তবে শমীকের দাবি, কো-অর্ডিনেটর নিয়োগ বিজেপির প্রথম পছন্দ নয়। তাঁদের লক্ষ্য পুরসভায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন। পুরভোটের বিজ্ঞপ্তি জারির বিষয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করছে। শীর্ষ আদালতে জট না কাটলে বিকল্প ব্যবস্থা নিতে হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। একইসঙ্গে হাওড়া পুরসভায় দীর্ঘ ১৩ বছর নির্বাচন না হওয়া নিয়েও সরব হন বিজেপির রাজ্য সভাপতি।

উল্লেখ্য, কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন ২৮ নভেম্বর হওয়ার কথা থাকলেও ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় হাই কোর্টের নির্দেশে ভোটের বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া আটকে যায়। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ৩০ নভেম্বরের মধ্যে আইনি জট না কাটলে কো-অর্ডিনেটর নিয়োগের পথে হাঁটতে পারে রাজ্য সরকার। সেই প্রস্তাবেই এবার সমর্থন জানালেন শমীক।

অন্যদিকে, এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, নির্বাচনের পরিবর্তে নিজেদের পছন্দের লোক বসিয়ে পুরসভা পরিচালনা করতে চাইছে বিজেপি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বৈশ্বানর চট্টোপাধ্যায়ের কটাক্ষ, নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই পিছনের দরজা দিয়ে পুরসভা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কংগ্রেসের তরফেও বিজেপির বিরুদ্ধে জোর করে পুরসভা দখলের পরিকল্পনার অভিযোগ তোলা হয়েছে।

Related Articles