রাজ্যের খবর

বুদ্ধবাবু ভাল, সিপিএম ভাল না! নন্দীগ্রাম দিবসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রশংসায় শুভেন্দু, আক্রমণ মমতাকে

১৯ বছর পরও দগদগে নন্দীগ্রামের ক্ষত! গোকুলনগরে শহিদ বেদিতে মাল্যদান করে ‘অপারেশন সূর্যোদয়’-এর নৃশংসতা স্মরণ শুভেন্দুর

Truth of Bengal: ক্যালেন্ডারের পাতায় ১৯ বছর পার হয়ে গেলেও, ১০ নভেম্বর ২০০৭-এর সেই রক্তাক্ত স্মৃতি আজও নন্দীগ্রামবাসীর মনে দগদগে ক্ষতের মতোই সজীব। তৎকালীন বাম জমানার ‘অপারেশন সূর্যোদয়’-এর সেই নৃশংসতা আজও ফিকে হয়নি। মঙ্গলবার, সেই নন্দীগ্রাম দিবস পালনে গোকুলনগরে শহিদ বেদিতে মাল্যদান করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একযোগে আক্রমণ শানালেন সিপিএম এবং বর্তমান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তবে, রাজনৈতিক সৌজন্যের এক ব্যতিক্রমী নজির গড়ে এদিন শুভেন্দুর মুখে শোনা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত প্রশংসা।

নন্দীগ্রামের রক্তাক্ত ইতিহাস ও রাজনৈতিক পটপরিবর্তন

২০০৭ সালের সেই নৃশংস ঘটনার পর নন্দীগ্রামের মাটি দু’-দুবার বড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয়েছে। বামফ্রন্ট সরকারের সেই বর্বরতার মাশুল হিসেবে ২০১১ সালে তাদের পতন ঘটে এবং ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর আবার রাজ্যে পালাবদল ঘটেছে। তৃণমূল সরকারকে হটিয়ে এখন পশ্চিমবঙ্গের শাসনে বিজেপি, আর মুখ্যমন্ত্রী স্বয়ং শুভেন্দু অধিকারী। যিনি একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে এই নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন। আজ, রাজনৈতিকভাবে মমতা ও শুভেন্দু যুযুধান। ফলে, নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর নিশানায় অনিবার্যভাবেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বুদ্ধবাবুর প্রশংসা ও তৃণমূলকে তীব্র আক্রমণ

সেদিনের সেই লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “১১ জনকে সিপিএমের পার্টি অফিসে ধরে নিয়ে গিয়ে টুকরো করে কেটে প্লাস্টিকে ভরে মাঝসাগরে ফেলে দেওয়া হয়েছিল। একজনেরও দেহ পাওয়া যায়নি। এতটা নৃশংস ছিল সেই সরকার।” তিনি স্মরণ করিয়ে দেন, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, ‘দে হ্যাভ বিন পেড বাই দেয়ার ওন কয়েনস।’ বিমান বসু বলেছিলেন, ‘নতুন সূর্য উঠল নন্দীগ্রামে।’ কিন্তু আশ্চর্যজনকভাবে এরপর শুভেন্দু বলেন, “ব্যক্তি বুদ্ধবাবু ভালই ছিলেন। আমার সঙ্গে ভাল ব্যবহার করেছিলেন। কিন্তু ওঁদের দলটা ভাল না।”

অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূল অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও গত ১৫ বছরে নন্দীগ্রামের শহিদদের জন্য কিছুই করেনি। এমনকি মৃতদের ডেথ সার্টিফিকেটগুলো পর্যন্ত দেওয়া হয়নি।” নন্দীগ্রামবাসীর উদ্দেশে তাঁর আবেগঘন বার্তা, “আমি সেদিনও আপনাদের ছিলাম, আজও আছি। কিন্তু চোর তৃণমূলকে আর পাবেন না।” শুভেন্দুর এই মন্তব্য এবং বুদ্ধবাবুর প্রশংসা রাজ্য রাজনীতিতে এক নতুন চৰ্চার জন্ম দিয়েছে।

Related Articles