পরকীয়ার মাশুল ৭০ হাজার কোটি টাকা! চিনা গুপ্রচরের প্রেমে মজে সর্বস্বান্ত মার্কিন ধনকুবের
প্রেমিকা চিনা গুপ্তচর! পরকীয়ার কথা স্বীকার করতেই ধস নামল এনভিডিয়ার সিইও-র ব্যক্তিগত সম্পদে
Truth of Bengal: পরকীয়ার চরম মাশুল গুণতে হল বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি সংস্থা ‘এনভিডিয়া’র (Nvidia) প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) জেনসেন হুয়াংকে। মাত্র ১৫ মিনিটের ভুল এবং পরকীয়ায় মজে গিয়ে একদিকে যেমন ভারতীয় বিনিয়োগকারীদের প্রায় ১০০ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে, অন্যদিকে সর্বসমক্ষে নিজের এই সম্পর্কের কথা স্বীকার করতেই বিরাট আর্থিক ধাক্কা খেলেন তিনি নিজে। জেনসেনের এই বিস্ফোরক স্বীকারোক্তির পর ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর নিজস্ব কোষাগার থেকে উধাও হয়ে গিয়েছে প্রায় ৭০ হাজার কোটি টাকা। একই সঙ্গে শেয়ার বাজারে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এনভিডিয়া সংস্থা।
কীভাবে ফাঁস হল স্ক্যান্ডাল ও ভারতীয়দের ক্ষতি?
মাসখানেক আগেই বিস্ফোরক অভিযোগ ওঠে যে, এনভিডিয়া, অ্যাপল, অ্যামাজন ও টেসলার মতো শীর্ষ মার্কিন সংস্থায় বিনিয়োগ করা ভারতীয়দের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি রাতারাতি হাওয়া হয়ে গিয়েছে। আঙুল ওঠে বেঙ্গালুরুর ফিনটেক সংস্থা ‘স্টক্যাল’-এর দিকে, যার মাধ্যমে ভারতীয়রা মার্কিন শেয়ার কিনতেন।
এরই মধ্যে বিখ্যাত মার্কিন সংবাদপত্র ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ৬৩ বছর বয়সি জেনসেন এক চিনা মহিলার সঙ্গে ঘনিষ্ঠ পরকীয়ায় লিপ্ত এবং তাঁর মাধ্যমেই এনভিডিয়ার গোপন এআই (AI) চিপ চিনে পাচার করা হচ্ছিল।
স্বীকারোক্তি ও শেয়ার বাজারে ভয়াবহ ধস
প্রতিবেদন প্রকাশের পরেই এনভিডিয়া কর্তৃপক্ষ জেনসেনের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীনই জেনসেন প্রকাশ্যে স্বীকার করেন যে, তিনি চিনা ব্যবসায়ী তথা সন্দেহভাজন গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। জেনসেন এই ভুলের জন্য সর্বসমক্ষে ক্ষমা চেয়ে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেও, চিপ পাচারের কথা অস্বীকার করেছেন।
তবে এই পরকীয়া স্বীকার করতেই বিশ্ব শেয়ার বাজারে এনভিডিয়ার শেয়ারে ধস নামে। একদিনের মধ্যেই জেনসেন হুয়াং প্রায় ৭৪০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ হাজার কোটি টাকা) মূল্যের ব্যক্তিগত সম্পত্তি হারিয়েছেন।
বিবাহবিচ্ছেদের জল্পনা ও অর্ধেক সম্পত্তি হারানোর ভয়
নিজের কৃতকর্মের জন্য স্ত্রী লোরি এবং সন্তানদের কাছেও ক্ষমা চেয়েছেন জেনসেন। তবে লোরি এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি। বিশেষজ্ঞ মহলের ধারণা, লোরি যদি এই পরকীয়ার কারণে আদালতে ডিভোর্সের মামলা দায়ের করেন, তবে জেনসেনের বাকি থাকা ১৫,০০০ কোটি টাকার সম্পত্তির অন্তত অর্ধেকটাই হাতছাড়া হবে। কারণ এনভিডিয়ার সূচনা পর্ব থেকে শুরু করে সংস্থার আর্থিক বৃদ্ধি, সব কিছুতেই লোরির সমান গুরুত্ব ও অবদান ছিল। ফলে বিবাহবিচ্ছেদ ঘটলে জেনসেন হুয়াংকে তাঁর বাকি সাম্রাজ্যও স্ত্রীর সঙ্গে ভাগ করে নিতে হবে।






