সরকারি কর্মীদের সাসপেনশন নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায়, ৪৮ ঘণ্টা হেফাজতেই স্বয়ংক্রিয় সাসপেনশন
এর জন্য আলাদা করে কোনও নির্দেশিকা বা সাসপেনশনের নির্দেশ জারির প্রয়োজন নেই
Truth of Bengal: সরকারি কর্মীদের সাসপেনশন নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কোনও সরকারি কর্মী ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে স্বয়ংক্রিয়ভাবেই সাময়িক বরখাস্ত বা ‘ডিমড সাসপেনশন’ বলে গণ্য করতে হবে। এর জন্য আলাদা করে কোনও নির্দেশিকা বা সাসপেনশনের নির্দেশ জারির প্রয়োজন নেই। একটি মামলার শুনানিতে এমনই স্পষ্ট বার্তা দিল বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ।
ঘটনার সূত্রপাত বিহারের সমস্তিপুরে। সেখানকার সদর হাসপাতালের ম্যানেজার বিশ্বজিৎ সিং ওরফে বিশ্বজিৎ রামানন্দের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, এক ব্যক্তির ৩৬ হাজার ৪২১ টাকা বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার বিনিময়ে ৪ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন তিনি। এই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেপ্তারের পর প্রায় ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকতে হয়েছিল বিশ্বজিৎকে। পরে দায়রা আদালত তাঁকে জামিন দেয়। কিন্তু প্রায় এক বছর পর সেই জামিন বাতিল করে দেয় পাটনা হাই কোর্ট। হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত।
মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ খারিজ করে দায়রা আদালতের জামিনের নির্দেশই বহাল রাখে। তবে একইসঙ্গে সরকারি কর্মীদের সাসপেনশন সংক্রান্ত নিয়মের বিষয়টিও স্পষ্ট করে দেয় শীর্ষ আদালত। বেঞ্চ জানায়, কোনও সরকারি কর্মী ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে নিয়ম অনুযায়ী তাঁর ক্ষেত্রে ‘ডিমড সাসপেনশন’ কার্যকর হবে। অর্থাৎ, আলাদা করে সাসপেনশনের নির্দেশ জারি না হলেও তাঁকে সাময়িক বরখাস্ত বলেই বিবেচনা করতে হবে।শুনানির সময় রাজ্যের আইনজীবী জানান, বিশ্বজিৎকে প্রথমে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সেই সাসপেনশনের নির্দেশ প্রত্যাহার করে তাঁকে ফের আগের হাসপাতালেই একই পদে নিয়োগ করা হয়। এই বিষয়টি নিয়েই অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্টের বেঞ্চ। বিহার সরকারকে গোটা বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রচলিত আইন ও নিয়ম মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে আদালত।
সরকারি কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় গ্রেপ্তারি এবং দীর্ঘ সময় বিচারবিভাগীয় হেফাজতে থাকার ক্ষেত্রে প্রশাসনিক পদক্ষেপ কী হওয়া উচিত, সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ সেই প্রশ্নেই গুরুত্বপূর্ণ বার্তা দিল।






