রাজ্যের খবর

অভিষেকের বাড়ির সামনে অশান্তি, একবালপুর যোগের দাবি মুখ্যমন্ত্রীর!

তাঁর বার্তা, পুলিশকে মারধর, হুমকি বা আক্রমণের চেষ্টা হলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইন মেনেই কঠোর ব্যবস্থা নিতে হবে।

Truth of Bengal: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে অশান্তির ঘটনায় কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের গায়ে হাত তোলা বা সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। তাঁর বার্তা, পুলিশকে মারধর, হুমকি বা আক্রমণের চেষ্টা হলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইন মেনেই কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলবে পুলিশ-প্রশাসন।

সোমবার দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, কালীঘাটের ঘটনায় পুলিশকর্মীরা আহত হয়েছেন এবং তাঁদের শারীরিক পরীক্ষাও হয়েছে। ঘটনার ভিডিয়ো খতিয়ে দেখে যাঁদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে, তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চার্জশিট থেকে শুরু করে বিচারপ্রক্রিয়া—সব ক্ষেত্রেই আইন মেনে পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রীর আরও দাবি, কালীঘাটের অশান্তিতে ধৃতরা হরিশ চ্যাটার্জি বা হরিশ মুখার্জি রোডের বাসিন্দা নন, তাঁরা একবালপুরের লোক। রাত দুটো নাগাদ একবালপুর থেকে কয়েকজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেন গিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত অভিষেকের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ আক্রান্ত হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে দুটি মামলা দায়ের করেছে এবং দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিজেপি ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Related Articles