রাজ্যের খবর

অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার নির্দেশ, সীমান্তে তল্লাশি অভিযান জোরদার

সীমান্তে অনুপ্রবেশ রুখতে বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয়ের উপর বিশেষ জোর দেন শুভেন্দু।

Truth of Bengal: দীপাবলিতে ভারত-বাংলাদেশ সীমান্তে হিঙ্গলগঞ্জে বিএসএফ জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার ৭৪ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের ক্যাম্পে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পাশাপাশি ইছামতি নদীতে স্পিডবোটে চড়ে সীমান্ত পরিস্থিতিও পরিদর্শন করেন তিনি। পরে হিঙ্গলগঞ্জ থানার কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

সীমান্তে অনুপ্রবেশ রুখতে বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয়ের উপর বিশেষ জোর দেন শুভেন্দু। স্পিডবোট থেকে বাইনোকুলারে সীমান্ত পরিস্থিতি দেখার পর তাঁর দাবি, ওপারে অনুপ্রবেশের সুযোগের অপেক্ষায় রয়েছে বাংলাদেশিরা। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, পশ্চিমবঙ্গে কোনও অনুপ্রবেশকারীকে থাকতে দেওয়া হবে না। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও ফেরত পাঠানোর জন্য তল্লাশি অভিযান চলছে বলেও জানান তিনি।

বিএসএফ জওয়ান ও পুলিশকর্মীদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, উৎসবের দিনেও তাঁরা পরিবার ছেড়ে সীমান্ত ও সাধারণ মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন। তাঁদের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাতের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, সেই পথ অনুসরণ করেই জওয়ানদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেছেন।

এদিন সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের মধ্যে উন্নত সমন্বয়ের কথাও তুলে ধরেন শুভেন্দু। পাশাপাশি আগামী বছর থেকে ‘সীমা মিত্র সম্মান’ প্রদান অনুষ্ঠান চালু করার ঘোষণা করেন তিনি। ইছামতি নদীর তীরে সীমান্তের ফেন্সিং নিয়েও বিএসএফের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

Related Articles