অভিষেকের জন্মদিন ঘিরে ফের উত্তপ্ত কালীঘাট! রাস্তা বন্ধের অভিযোগে বিজেপির বিক্ষোভ
বিক্ষোভকারীরা অভিষেকের বাড়ির সামনে থেকে ব্যারিকেড সরানোর দাবি জানান।
Truth of Bengal: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে শনিবার ফের উত্তপ্ত হয়ে উঠল কালীঘাট। তাঁর বাড়ির সামনে রাস্তা বন্ধ করে জন্মদিন উদযাপনের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, ব্যারিকেডের কারণে স্থানীয় দোকানদারদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। এমনকী রাস্তা বন্ধ থাকায় কালীপ্রতিমা সরবরাহ করতেও সমস্যায় পড়ছেন বিক্রেতারা।
বিক্ষোভকারীরা অভিষেকের বাড়ির সামনে থেকে ব্যারিকেড সরানোর দাবি জানান। তাঁরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মীরা। শুক্রবার মধ্যরাত থেকেই অভিষেকের জন্মদিন উপলক্ষে তাঁর বাড়ির সামনে জমায়েত ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। স্লোগান, পালটা স্লোগান এবং হাতাহাতির ঘটনাও ঘটে।
শনিবার দুপুরে অভিষেকের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অভিষেককে হেনস্তা করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ তোলেন তিনি।





