কলকাতা

পুরভোটের আগে তৎপর বিজেপি, টিকিট পেতে কোন মাপকাঠিতে বিচার হবেন নেতারা?

দলীয় সূত্রের খবর, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কলকাতা ও হাওড়ায় পুরভোট হতে পারে।

Truth of Bengal: কলকাতা ও হাওড়া পুরভোটে প্রার্থী বাছাইয়ে অভিজ্ঞদের উপরেই বেশি ভরসা রাখতে চাইছে বঙ্গ বিজেপি। দলীয় সূত্রে খবর, ৫০ শতাংশের বেশি আসনে পুরনো মুখদেরই প্রার্থী করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ও পরে বিজেপিতে যোগ দেওয়া এবং এলাকায় জনপ্রিয়তা রয়েছে, এমন নেতা-কর্মীরাও প্রার্থী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন। তবে চূড়ান্ত প্রার্থী তালিকায় সংঘের শীর্ষ নেতৃত্বের সম্মতিও নিতে হবে।

দলীয় সূত্রের খবর, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কলকাতা ও হাওড়ায় পুরভোট হতে পারে। কালীপুজোর পরেই ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই প্রার্থী হওয়ার আবেদন জমা পড়েছে। বর্তমানে মণ্ডলস্তরে গিয়ে নিচুতলার নেতা-কর্মীদের মতামত নিচ্ছেন রাজ্য নেতৃত্ব। ভাইফোঁটার মধ্যেই সেই প্রক্রিয়া শেষ করে নামের তালিকা পাঠানো হবে রাজ্য কমিটির কাছে।

এরপর দলের কোর কমিটি এবং কলকাতা ও হাওড়ার নির্বাচনী কমিটি প্রার্থীদের নাম চূড়ান্ত করবে। এই প্রক্রিয়ায় উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের। প্রার্থী বাছাইয়ে সাংগঠনিক অভিজ্ঞতা, এলাকার জনপ্রিয়তা, ব্যক্তিগত ভাবমূর্তি, জনসংযোগ এবং জয়ের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

কলকাতা পুরভোটের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কো-ইনচার্জ রাজু বন্দ্যোপাধ্যায়। আহ্বায়ক শিল্পমন্ত্রী তাপস রায় এবং সহ-আহ্বায়ক বিধায়ক রীতেশ তিওয়ারি। অন্যদিকে, হাওড়া পুরভোটের দায়িত্বে রয়েছেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। সব মিলিয়ে পুরভোটের আগে প্রার্থী বাছাইয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না গেরুয়া শিবির।

Related Articles