রাজ্যের খবর

ওবিসি জট কাটিয়ে রাজ্যে ফের শুরু চাকরির জোয়ার, ১৪৯ সমবায় পরিদর্শককে নিয়োগপত্র শুভেন্দুর

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সমবায়ে বিশাল নিয়োগের পর এবার পুলিশে ১২ হাজার শূন্যপদে বাম্পার সুযোগ

Truth of Bengal: ওবিসি (OBC) সংরক্ষণ নিয়ে দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে রাজ্যে ফের পুরোদমে শুরু হয়ে গেল সরকারি পদে নিয়োগ প্রক্রিয়া। বুধবার নবান্নে আয়োজিত এক হাইপ্রোফাইল সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI)। এদিন সমবায় দফতরের ১৪৯ জন পরিদর্শকের (Cooperative Inspector) হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন তিনি। একই সঙ্গে আগের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী জানান, মেধার ভিত্তিতেই এবার স্বচ্ছভাবে সমস্ত শূন্যপদ পূরণ করা হবে।

“পূর্বতন সরকারের ভুলের মাশুল গুণতে হয়েছে চাকরিপ্রার্থীদের”

সাংবাদিক বৈঠকে তৃণমূল জমানাকে সরাসরি বিঁধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বিগত ১৫ বছরে আগের সরকার কাজের কাজ কিছুই করেনি। সমবায় ক্ষেত্রে চরম বিপর্যয় নেমে এসেছিল। পরীক্ষা হলেও বছরের পর বছর আটকে রাখা হতো নিয়োগ প্রক্রিয়া, আর জনগণের করের কোটি কোটি টাকা খরচ করা হত সুপ্রিম কোর্টের আইনি লড়াইয়ে। পূর্বতন সরকার ইচ্ছা করে ওবিসি জট পাকিয়ে রেখেছিল। আমরা ক্ষমতায় এসেই সেই জটিলতা দূর করেছি।”

উল্লেখ্য, ২০১০ সালের পর ওবিসি তালিকায় বেআইনিভাবে অন্তর্ভুক্ত হওয়া ৭৭টি সম্প্রদায়ের অন্তর্ভুক্তি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই জটে স্তব্ধ হয়ে যায় একাধিক নিয়োগ প্রক্রিয়া। বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় এসেই সুপ্রিম কোর্ট থেকে পূর্বতন সরকারের দায়ের করা মামলা প্রত্যাহার করে নেয়। ফলে আইনি বাধা কেটে গিয়ে দ্রুত গতিতে শুরু হয় স্থগিত থাকা নিয়োগ।

সমবায় ও পুলিশে বাম্পার চাকরির সুযোগ!

রাজ্যে পরিবর্তনের পর কর্মসংস্থানে যে বিশেষ গতি এসেছে, তা পরিষ্কার করে মুখ্যমন্ত্রী জানান, সমবায় দফতরে কাজের অঢেল সুযোগ তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই ২০০-র বেশি নতুন কো-অপারেটিভ ইন্সপেক্টর পদে নিয়োগ সম্পন্ন হবে।

এর পাশাপাশি রাজ্য পুলিশের জন্য এক বিশাল ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুলিশের প্রায় ৬ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগ নিশ্চিত করা হচ্ছে। সবমিলিয়ে আগামী দিনে রাজ্য পুলিশে মোট ১২ হাজার নতুন কর্মী নিয়োগ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, আগের সরকারের ভুলের পুনরাবৃত্তি এই সরকার কোনোভাবেই করবে না, শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতেই তরুণ প্রজন্ম চাকরি পাবে।

Related Articles