কলকাতা

নিউটাউনে দীপাবলির মহা আয়োজন! একসঙ্গে জ্বলবে লক্ষাধিক প্রদীপ

জোরকদমে চলছে প্রস্তুতি

Truth of Bengal: রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথম কালীপুজো। দুর্গাপুজোয় চোরবাগান-কাণ্ডের অভিজ্ঞতার পর এবার কালীপুজো ও দীপাবলিকে ঘিরে বিশেষ সতর্ক প্রশাসন। নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করতে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জোরকদমে চলছে প্রস্তুতি। এরই মধ্যে শহর ও শহরতলির পুজোকে টেক্কা দিতে বড়সড় আয়োজন নিউটাউনে। বাংলার বুকে বৃহত্তম দীপাবলির আয়োজন করতে চলেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো কমিটি। উদ্যোক্তাদের দাবি, এই উৎসবে একসঙ্গে জ্বালানো হবে ১ লক্ষ ১১ হাজার ১১১টি প্রদীপ। উল্লেখ্য, পূর্বতন তৃণমূল সরকারের আমলে নিউটাউনের সনাতনী দুর্গাপুজো কমিটিকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। উদ্যোক্তাদের অভিযোগ ছিল, পুজোর নামের সঙ্গে ‘সনাতনী’ শব্দটি থাকায় তৎকালীন প্রশাসনের আপত্তি ছিল। পুজো আয়োজনের অনুমতি পেতে শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল তাঁদের। প্রথম থেকেই এই কমিটির সঙ্গে যুক্ত ছিলেন শুভেন্দু অধিকারী।

তবে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নিউটাউনে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করেছিল এই কমিটি। এবার কালীপুজো ও দীপাবলিতেও বড়সড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা। তাঁদের দাবি, বাংলার বুকে এমন দীপাবলির আয়োজন আগে কখনও হয়নি। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নিউটাউন মেলা প্রাঙ্গণে এই দীপাবলি উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ৮ ও ৯ নভেম্বর দু’দিন ধরে চলবে অনুষ্ঠান। ৮ নভেম্বর আড়ম্বরের সঙ্গে হবে কালীপুজো। পরদিন ৯ নভেম্বর থাকছে আতসবাজির প্রদর্শনী। পরিবেশবান্ধব বাজির মাধ্যমেই আলোর উৎসব উদযাপন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এই প্রসঙ্গে পুজো কমিটির উদ্যোক্তা বরুণ বিশ্বাস জানান, দীপাবলিতে একইসঙ্গে ১ লক্ষ ১১ হাজার ১১১টি প্রদীপ জ্বালানো হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই আয়োজন করা হচ্ছে। তাই তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।

Related Articles