রাজ্যের খবর

চোরবাগান বিপর্যয়ে নিহতদের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী, সিট গঠন করে নিরপেক্ষ তদন্তের আশ্বাস

"কাউকে ছাড় নয়!" ভবানীভবনে জরুরি বৈঠক শেষে নিরপেক্ষ তদন্তের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী!

Truth of Bengal: উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পুজো মণ্ডপের মর্মান্তিক বিপর্যয়ের ঘটনায় রাজ্য জুড়ে শোকের আবহ। এই পরিস্থিতিতে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। ভবানী ভবনে উচ্চপর্যায়ের এক জরুরি বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, এই ভয়াবহ দুর্ঘটনার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল বা এসআইটি (SIT)-তে কলকাতা পুলিশ, পুরসভা বা দমকল বিভাগের কোনও প্রতিনিধি রাখা হবে না। সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখেই এই তদন্ত পরিচালিত হবে বলে তিনি জোরালো আশ্বাস দিয়েছেন।

এদিন ভবানী ভবনে মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, পুলিশ কমিশনার-সহ প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে এক দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কলকাতা হাইকোর্টের কোনও বর্তমান বিচারপতির নেতৃত্বে এই তদন্ত দল গঠিত হবে। এই লক্ষ্যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি পাঠানো হবে। প্রধান বিচারপতি সম্মত না হলে কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির কাঁধে এই দায়িত্ব অর্পণ করা হবে। এছাড়া এই বিশেষ দলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ (NDRF)-এর প্রতিনিধিরাও থাকতে পারেন বলে ইঙ্গিত মিলেছে।

তদন্তের পাশাপাশি দুর্গত পরিবারগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, আগামী ২০ ও ২১ অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীর পবিত্র তিথিতে তিনি নিজে নিহতের শোকার্ত পরিবারগুলির বাড়িতে যাবেন। দূরবর্তী জেলাগুলিতে পৌঁছানোর জন্য হেলিকপ্টার এবং কাছাকাছি এলাকায় যাতায়াতের জন্য সড়কপথ ব্যবহার করবেন তিনি। পুজোর আনন্দকে বিসর্জন দিয়ে সাধারণ মানুষের অসুবিধা না ঘটিয়ে যতগুলি সম্ভব পরিবারের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে দেখা করবেন বলে জানিয়েছেন।

পাশাপাশি, বিপর্যয় মোকাবিলা ও উদ্ধারকাজ নিয়ে তিনি জানান যে, দ্রুত পদক্ষেপ করে প্রায় ২৫ জন মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি সমস্ত আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করে ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিকদের উপস্থিতিতে দ্রুত মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। প্রশাসনের এই কঠোর ও সংবেদনশীল পদক্ষেপে ন্যায়বিচার পাওয়ার আশা দেখছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।

Related Articles