দেশ

পুজোর আগেই পকেটে ঢুকছে মোটা টাকা! রেলকর্মীদের জন্য বিরাট উপহার ঘোষণা মোদি সরকারের

বোনাস নিয়ে মোদি ক্যাবিনেটের ঐতিহাসিক সিদ্ধান্ত! একধাক্কায় ১৭,৯৫১ টাকা করে পাচ্ছেন ১১ লাখের বেশি রেলকর্মী

Truth of Bengal: দুর্গাপুজো ও দীপাবলির আলোয় দেশ মেতে ওঠার আগেই ভারতীয় রেলের লক্ষ লক্ষ কর্মচারীদের জন্য বিরাট সুখবর নিয়ে এল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে রেলকর্মীদের অসাধারণ কর্মদক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে ৭৮ দিনের ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস’ (PLB) প্রদানের সিদ্ধান্ত মঞ্জুর করা হয়েছে। সরকারের এই ঘোষণার পর আনন্দের জোয়ার বইছে রেল কর্মচারী মহলে।

কেন্দ্রীয় সরকারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ১১ লক্ষ ৪০ হাজার ৭৭০ জন ‘যোগ্য’ নন-গেজেটেড রেলকর্মী সরাসরি আর্থিক লাভ পাবেন। এই ৭৮ দিনের বোনাস বাবদ কেন্দ্র সরকারের রাজকোষ থেকে মোট ২,০০৯ কোটি ৬১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রত্যেক সুবিধাভোগী যোগ্য রেলকর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা পর্যন্ত বোনাস জমা পড়বে।

নিয়ম অনুযায়ী প্রতি বছরই দুর্গাপুজোর ছুটির দিনগুলি শুরু হওয়ার ঠিক আগেই রেলকর্মীদের উৎসাহ বাড়াতে এই বিশেষ বোনাস দেওয়া হয়ে থাকে। এবারও ট্র্যাক মেনটেনার, লোকো পাইলট, ট্রেন ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, টেকনিশিয়ান, পয়েন্টসম্যান এবং বিভিন্ন গ্রুপ ‘সি’ ক্যাটাগরির কর্মচারীরা এই বোনাসের আওতায় আসছেন।

সরকারি তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবর্ষে ভারতীয় রেল রেকর্ড পরিমাণ সাফল্য অর্জন করেছে। এই সময়ে রেলে নজিরবিহীনভাবে ১৬৭ কোটি টন পণ্য পরিবাহিত হয়েছে এবং প্রায় ৭৪১ কোটি যাত্রী স্বাচ্ছন্দ্যে যাতায়াত করেছেন। রেলের এই রেকর্ড সাফল্যের স্বীকৃতিস্বরূপ এবং উৎসবের মুখে পরিবারের মুখে হাসি ফোটাতেই প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার তড়িৎ গতিতে এই অর্থ মঞ্জুর করল।