মাত্র ৫ মাসে খোলনলচে বদলাবে বঙ্গ পুলিশ! মহালয়ায় নতুন ১১২ পরিষেবা চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর
থানা পিছু একটি করে গাড়ি ও মোটরবাইক দেওয়ার পরিকল্পনাও নিয়েছে রাজ্য সরকার
Truth of Bengal: আপৎকালীন পরিস্থিতিতে আর আলাদা আলাদা নম্বর মনে রাখার প্রয়োজন নেই। এক ফোনেই পৌঁছে যাবে পুলিশ-প্রশাসনের সাহায্য। মহালয়ার দিন রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হল ১১২ জরুরি পরিষেবা। একই সঙ্গে পুলিশের বহরে যুক্ত হল ৪৫০টি নতুন গাড়ি। থানা পিছু একটি করে গাড়ি ও মোটরবাইক দেওয়ার পরিকল্পনাও নিয়েছে রাজ্য সরকার। নতুন পরিষেবার লক্ষ্য, দুর্ঘটনা, অপরাধ কিংবা অন্য কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুততম সময়ে মানুষের কাছে পৌঁছনো। ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন এই ব্যবস্থা সচল থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
পরিষেবার সূচনায় পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, গত পাঁচ মাসে রাজ্যের পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। কন্ট্রোল রুম থেকে ট্রাফিক ব্যবস্থাপনা, মাঠে কর্মরত পুলিশকর্মীদের পরিকাঠামো—একাধিক ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা চলছে। আগের ব্যবস্থার সমালোচনা করে শুভেন্দু বলেন, “আগে ১০০ নম্বরে ফোন করলে অনেক সময় সাড়া পাওয়া যেত না। দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাস ধরে গোটা রাজ্যের পুলিশ ব্যবস্থার ভিতরে ঢুকে কাজ করেছি।”
তিনি জানান, বারাকপুর পুলিশ কমিশনারেট-সহ একাধিক জায়গায় গিয়ে পরিষেবা খতিয়ে দেখা হয়েছে। তারাতলায় মানুষের প্রাণ বাঁচানো পুলিশকর্মীদের ‘জীবনরক্ষক সম্মান’ দেওয়া হয়েছে। পুলিশ ও দমকলকর্মীদের সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। শুভেন্দুর দাবি, রাজ্যের বিভিন্ন কন্ট্রোল রুম পরিদর্শনের পাশাপাশি ‘লাইভ ট্রাফিক সিস্টেম’ চালুর কাজও এগোচ্ছে। কর্মরত পুলিশকর্মীদের সুবিধার জন্য হিডকো ও এনকেডিএ-র সহযোগিতায় রেনকোটও দেওয়া হয়েছে।
পুলিশের উপর হামলা নিয়েও কড়া বার্তা দেন তিনি। পার্ক স্ট্রিটের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে শুভেন্দুর হুঁশিয়ারি, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনরত পুলিশকর্মীদের উপর হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।






