কলকাতারাজ্যের খবর

দোরগোড়ায় দুর্গাপুজো, নতুন নিম্নচাপের আশঙ্কায় চিন্তায় রাজ্যবাসী

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে

Truth of Bengal: দুর্গাপুজো দোরগোড়ায়। অথচ উৎসবের মুখে ফের আবহাওয়ার চোখরাঙানি। অক্টোবরের মাঝামাঝি, অর্থাৎ পুজোর দিনগুলিতে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। তার আগেই বৃহস্পতিবার নদিয়া ও উত্তর ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে দুপুর পর্যন্ত নদিয়া ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলা থেকে বর্ষা এখনই পুরোপুরি বিদায় নিচ্ছে না। জোড়া ঘূর্ণাবর্ত ও তিনটি অক্ষরেখার প্রভাবে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারও নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মহালয়া থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।

মহালয়ার দিন কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। যদিও শহর ও সংলগ্ন এলাকার দু’-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গেও মহালয়া পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। রবিবার থেকে পাহাড়েও বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গবাসীর সবচেয়ে বড় চিন্তা এখন দুর্গাপুজোর দিনগুলিকে ঘিরে। অক্টোবরের মাঝামাঝি নতুন নিম্নচাপ তৈরি হলে পুজোর আবহাওয়ায় তার কতটা প্রভাব পড়বে, সেদিকেই নজর। শুক্রবার পুজোর দিনগুলির বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করতে পারে আলিপুর আবহাওয়া দফতর।

Related Articles