রাজ্যের খবর

তোলাবাজির দিন শেষ, ফিরছে শিল্পের পরিবেশ! পাণ্ডবেশ্বর নিয়ে জিতেন্দ্র তিওয়ারির বড় দাবি

তাঁর বক্তব্য, শিল্প সম্মেলনের প্রথম দিনেই পাণ্ডবেশ্বরে এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে

Truth of Bengal: পাণ্ডবেশ্বরে ফের শিল্পের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে এবং তার জেরেই বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন শিল্পপতিরা—এমনটাই দাবি বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির। তাঁর বক্তব্য, শিল্প সম্মেলনের প্রথম দিনেই পাণ্ডবেশ্বরে এক হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে। আগামী এক সপ্তাহের মধ্যে সেই অঙ্ক পাঁচ হাজার কোটি টাকায় পৌঁছতে পারে বলেও দাবি করেছেন তিনি। জিতেন্দ্রর অভিযোগ, অতীতে পাণ্ডবেশ্বরে তোলাবাজির কারণে শিল্পপতিরা বিনিয়োগ করতে সাহস পেতেন না। রাজনৈতিক পালাবদলের পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ ফিরছে বলে তাঁর দাবি।

শিল্প সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রের শিল্পপতিদের উপস্থিতি এবং বিনিয়োগে আগ্রহকেই সেই আস্থা ফেরার প্রমাণ হিসেবে তুলে ধরেছেন বিজেপি বিধায়ক। তাঁর বক্তব্য, আগে পাণ্ডবেশ্বরে শিল্প স্থাপনের সম্ভাবনা থাকলেও নানা কারণে বিনিয়োগকারীরা পিছিয়ে যেতেন। বর্তমানে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে বেআইনিভাবে অর্থ দাবি বা তোলাবাজি বরদাস্ত করা হবে না। স্বাস্থ্য পরিষেবা থেকে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, এমনকি বড় শিল্প স্থাপনের ক্ষেত্রেও একাধিক বিনিয়োগকারী আগ্রহ দেখিয়েছেন বলে দাবি করেছেন জিতেন্দ্র। পাশাপাশি ইসিএলের পরিত্যক্ত খনি এলাকার জমি ভবিষ্যতে শিল্পের কাজে ব্যবহার করা যায় কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সম্মেলনে খনি শিল্পে নতুন প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর খনি পরিচালনার জন্য প্রশিক্ষিত ও দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে বলে উঠে এসেছে আলোচনায়। সেই ঘাটতি পূরণে স্থানীয় যুবক-যুবতীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন বিধায়ক। জিতেন্দ্র তিওয়ারির দাবি, পরিকল্পিত বিনিয়োগ বাস্তবায়িত হলে আগামী এক থেকে দুই বছরের মধ্যে পাণ্ডবেশ্বরে উল্লেখযোগ্য সংখ্যক বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। শিল্প সম্মেলন থেকে পাওয়া প্রস্তাবগুলি বাস্তবে কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর থাকবে।

Related Articles