রাজ্যের খবর

বিনামূল্যে বাস সফরের জের! রাজ্য সরকারের কাছে ফের ২৫ কোটি চাইল এনবিএসটিসি

আগামী নভেম্বর পর্যন্ত পরিষেবা চালিয়ে যেতে আরও ২৫ কোটি টাকা চেয়ে রাজ্যের কাছে আবেদন জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা NBSTC

Truth of Bengal: রাজ্য সরকারের অধীনস্থ বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ চালু হওয়ার পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে মহিলা যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বাড়তি যাত্রীচাপ সামলাতে এবং বিনামূল্যে পরিষেবা সচল রাখতে ইতিমধ্যেই দুই দফায় প্রায় ২৩ কোটি ৭৪ লক্ষ টাকা দিয়েছে রাজ্য সরকার। তবে সেই অর্থও দ্রুত শেষের পথে। এই পরিস্থিতিতে আগামী নভেম্বর পর্যন্ত পরিষেবা চালিয়ে যেতে আরও ২৫ কোটি টাকা চেয়ে রাজ্যের কাছে আবেদন জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা NBSTC। নিগমের ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনীকুমার রায় জানিয়েছেন, মহিলা যাত্রীদের বিনামূল্যে সফরের খরচ মেটাতে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন পাঠানো হয়েছে। এর আগে দুই দফায় পাওয়া ২৩ কোটি ৭৪ লক্ষ টাকা নিগমের বিভিন্ন ডিভিশনে ভাগ করে দেওয়া হয়েছে।

নিগম সূত্রে খবর, বিনামূল্যে যাত্রার সুযোগ চালুর পর NBSTC-র বাসে মহিলা যাত্রীদের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে উৎসবের মরশুমে দূরপাল্লার বাসের আগাম বুকিংয়ে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো। দুর্গাপুজোকে সামনে রেখে একাধিক রুটে আগাম বুকিংও বেড়েছে। এই পরিস্থিতিতে যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতেই অতিরিক্ত অর্থের প্রয়োজন বলে জানিয়েছে নিগম। একই সঙ্গে পুজোর আগে উত্তরবঙ্গের একাধিক বন্ধ হয়ে যাওয়া রুটে ফের বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রুটগুলির বেশিরভাগেই আগে নিয়মিত বাস চলত, পরে বিভিন্ন কারণে পরিষেবা বন্ধ হয়ে যায়।

যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে সেই রুটগুলিতে পুনরায় বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে। দিনহাটা-সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় এমন রুট রয়েছে বলে জানিয়েছে নিগম। NBSTC কর্তৃপক্ষের আশা, রাজ্যের কাছ থেকে অতিরিক্ত অর্থ মিললে একদিকে মহিলাদের বিনামূল্যে যাত্রার পরিষেবা নির্বিঘ্নে চালানো যাবে, অন্যদিকে পুজোর সময় বাড়তি যাত্রীচাপ সামলে বন্ধ হয়ে থাকা রুটগুলিতেও বাস চলাচল পুনরায় শুরু করা সম্ভব হবে।

Related Articles