সুপ্রিম কোর্টের সরকারি ভাষা হিন্দি করার আর্জি! শুরুতেই মামলা খারিজ করল সর্বোচ্চ আদালত
মামলাটি বিস্তারিত শুনানির পর্যায়ে যাওয়ার আগেই তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট
Truth of Bengal: সুপ্রিম কোর্টের সরকারি ভাষা হিসেবে হিন্দিকে স্বীকৃতি দেওয়ার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এই বিষয়ে সুপারিশ করার জন্য কেন্দ্রকে একটি কমিশন গঠনের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছিল। তবে মামলাটি বিস্তারিত শুনানির পর্যায়ে যাওয়ার আগেই তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনাকে নিয়ে গঠিত বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতে ভাষা ব্যবহারের সংস্কার ইতিমধ্যেই প্রশাসনিকভাবে ধাপে ধাপে এগোচ্ছে। এই ধরনের পরিবর্তন বিচার বিভাগীয় নির্দেশের মাধ্যমে চাপিয়ে দেওয়া সমীচীন নয় বলেই মত শীর্ষ আদালতের।
ব্রহ্মেশ্বর নাথ মিশ্র এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন। তাঁর আবেদন ছিল, সুপ্রিম কোর্টের সরকারি ভাষা হিসেবে হিন্দি ব্যবহারের বিষয়ে সুপারিশ করতে কেন্দ্রীয় সরকারকে একটি কমিশন গঠনের নির্দেশ দেওয়া হোক। আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, হিন্দিকে শীর্ষ আদালতের সরকারি ভাষা করার বিষয়ে কেন্দ্রকে কমিশন গঠনের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। নিজের বক্তব্যের সমর্থনে তিনি সংবিধানের একাধিক ধারারও উল্লেখ করেন।
এর উত্তরে প্রধান বিচারপতি জানান, সুপ্রিম কোর্ট নিজেই ধাপে ধাপে ভাষা-সংক্রান্ত সংস্কারের পথে এগোচ্ছে। তিনি বলেন, “আমরা এখনই সমস্ত প্রতিবেদনের সংক্ষিপ্ত বিবরণ হিন্দিতে দিচ্ছি। এরপর আমরা অন্যান্য আঞ্চলিক ভাষার ব্যবহারও শুরু করব।” প্রধান বিচারপতি আরও জানান, দেশের ভাষাগত বৈচিত্র্য ও সংস্কৃতিকে সম্মান জানিয়েই এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। তাঁর কথায়, “এসব বিষয় আদালতের আদেশের মাধ্যমে হয় না। সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ধীরগতিতে ও পর্যায়ক্রমে এগুলো সম্পন্ন হয়। আমরাও সেভাবেই কাজ করছি।”


