কলকাতা

পুজোয় ট্রেনের টিকিটের ‘নো-টেনশন’! কলকাতা-বেনারস রুটে চালু হচ্ছে বিশেষ স্পেশাল ট্রেন

বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই পরিষেবার কথা জানানো হয়েছে

Truth of Bengal: পুজোর ছুটিতে বেনারস যাওয়ার পরিকল্পনা থাকলে এবার কিছুটা স্বস্তি মিলতে পারে যাত্রীদের। দুর্গাপুজো, কালীপুজো ও ছট পুজোর সময়ে অতিরিক্ত যাত্রীচাপ সামলাতে কলকাতা ও বেনারসের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই পরিষেবার কথা জানানো হয়েছে। সপ্তাহে দু’দিন দুই দিক থেকে চলবে পুজো স্পেশাল ট্রেন। রেলের ঘোষণা অনুযায়ী, ০৫০৪৮ বেনারস-কলকাতা স্পেশাল ট্রেনটি ৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতি মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে বেনারস থেকে ছাড়বে ট্রেনটি। পরদিন সকাল ৬টা ১৫ মিনিটে কলকাতায় পৌঁছবে। এই সময়ের মধ্যে মোট ৮টি ট্রিপ করবে ট্রেনটি।

অন্যদিকে, ০৫০৪৭ কলকাতা-বেনারস স্পেশাল ট্রেনটি ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতি বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে এই ট্রেন। পরদিন ভোর ৪টা ১৫ মিনিটে বেনারসে পৌঁছনোর কথা। এই ট্রেনটিও মোট ৮টি ট্রিপ করবে। যাত্রাপথে দুই দিকেই নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডি স্টেশনে স্টপেজ থাকবে। ফলে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলার যাত্রীরাও এই বিশেষ পরিষেবার সুবিধা পাবেন।

রেল সূত্রে জানানো হয়েছে, এই পুজো স্পেশাল ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি কামরার ব্যবস্থাও থাকবে। উৎসবের সময়ে বেনারসগামী ট্রেনের টিকিটের চাহিদা প্রতি বছরই অনেকটাই বেড়ে যায়। সেই চাপ সামলাতেই অতিরিক্ত এই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিশেষ ট্রেনগুলির টিকিট বুকিং কবে থেকে শুরু হবে, তা এখনও ঘোষণা করা হয়নি। বুকিংয়ের তারিখ শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছে রেল।

Related Articles