আন্তর্জাতিক সোনা পাচার চক্রের পর্দাফাঁস? কলকাতা বিমানবন্দর থেকে কোটি টাকার সোনা উদ্ধার
৭০ গ্রামেরও বেশি সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর
Truth of Bengal: কলকাতা বিমানবন্দরে ফের সোনা উদ্ধারের ঘটনা। ব্যাংকক থেকে কলকাতায় সোনা পাচারের অভিযোগে রবিভূষণ তিওয়ারি নামে এক ব্যক্তিকে আটক করেছে এনএসসিবিআই থানার পুলিশ। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর কাছ থেকে ৭০ গ্রামেরও বেশি সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।তদন্তকারীদের দাবি, ব্যাংকক থেকে বিমানে কলকাতায় এসেছিলেন রবিভূষণ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বাইরেও বেরিয়ে যান তিনি। তবে তাঁর গতিবিধি সম্পর্কে পুলিশের কাছে আগে থেকেই নির্দিষ্ট তথ্য ছিল। সেই সূত্রেই বিমানবন্দরের বাইরে নজরদারি চালাচ্ছিল এনএসসিবিআই থানার পুলিশ। রবিভূষণ বাইরে আসতেই তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁর কাছ থেকে সোনা উদ্ধার হয় বলে জানা গিয়েছে।
এই ঘটনার সূত্র মিলেছে কয়েক দিন আগের আরও একটি সোনা উদ্ধারের মামলায়। গত সোমবার কলকাতা বিমানবন্দর থেকে প্রায় ৩০০ গ্রাম সোনা উদ্ধার হয়েছিল। সেই ক্ষেত্রেও ব্যাংকক থেকে কলকাতায় সোনা পাচারের অভিযোগ উঠেছিল। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশ সূত্রের দাবি, ধৃত ব্যক্তিকে জেরা করেই রবিভূষণ তিওয়ারির নাম সামনে আসে। এরপর তাঁর কলকাতায় আসার খবর পেয়ে আগে থেকেই বিমানবন্দর চত্বরে নজরদারি বাড়ানো হয়। বিমানবন্দর থেকে বেরোনোর পর তাঁকে আটক করা হয় এবং পরবর্তী জিজ্ঞাসাবাদে সোনা উদ্ধারের ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, বিচ্ছিন্ন কোনও পাচারের ঘটনা নয়, এর নেপথ্যে একটি সংগঠিত সোনা পাচারচক্র সক্রিয় থাকতে পারে। ব্যাংকক থেকে নিয়মিত সোনা এনে কলকাতায় ছড়িয়ে দেওয়া হত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে বলে পুলিশের দাবি। শুল্ক দফতরের কয়েকজন আধিকারিকের সঙ্গে এই পাচারচক্রের সম্ভাব্য যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত ও আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্য এবং সোনা পাচারের গোটা রুট সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।






