খেলা

এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক! শুটিংয়ে রুপো, MMA-তে ইতিহাস

শুটিংয়ের পাশাপাশি মিক্সড মার্শাল আর্টসেও ইতিহাস গড়েছেন ভারতের সূচিকা তারিয়াল।

Truth of Bengal: এশিয়ান গেমসে পদকের খাতা খুলল ভারত। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুপো জিতেছেন এলাভেনিল ভালারিভান, সোনম মাসকার ও বিদর্সা বিনোদ। ভারতের মোট স্কোর ছিল ১৮৯৮.০। সোনা জিতেছে চিন এবং ব্রোঞ্জ পেয়েছে জাপান। এলাভেনিল ৬৩৩.৫ পয়েন্ট করে ব্যক্তিগত ফাইনালেও জায়গা করে নিয়েছেন।

শুটিংয়ের পাশাপাশি মিক্সড মার্শাল আর্টসেও ইতিহাস গড়েছেন ভারতের সূচিকা তারিয়াল। এশিয়ান গেমসে প্রথমবার MMA অন্তর্ভুক্ত হয়েছে, আর প্রথম আসরেই ভারতের পদক নিশ্চিত করেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়ার প্রতিদ্বন্দ্বীকে ২-০ ব্যবধানে হারিয়ে মহিলাদের ট্র্যাডিশনাল ৬০ কেজি বিভাগে সেমিফাইনালে উঠেছেন সূচিকা।

সূচিকার কেরিয়ারও বেশ বৈচিত্র্যময়। জুডো, কুরাশ এবং জুজুৎসুতে প্রতিদ্বন্দ্বিতা করার পর তিনি MMA-তে মন দেন। পাশাপাশি ‘রোডিজ’-এর মতো রিয়ালিটি শোতেও তাঁকে দেখা গিয়েছে। এখন এশিয়ান গেমসে ভারতের প্রথম MMA পদকের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি।