জল্পনার অবসান! নন্দীগ্রামে বিজেপির বাজি চন্দ্রনাথের মা হাসিরানিই, মনোনয়নে থাকবেন মুখ্যমন্ত্রী
শুভেন্দুর প্রয়াত আপ্তসহায়কের মা হাসিরানি রথকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক বিজেপির!
Truth of Bengal: আগামী ৬ অক্টোবরের হাইভোল্টেজ নন্দীগ্রাম উপনির্বাচনে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মাস্টারস্ট্রোক দিল নবান্ন ও বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা চেনা গড় নন্দীগ্রামে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তাঁরই প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব হাসিরানি রথ। মঙ্গলবার সকালে দলীয় সবুজ সংকেত পেতেই রেয়াপাড়ার ঐতিহাসিক শিব মন্দিরে পুজো দিয়ে জয়ের সংকল্প নেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরেই বিপুল কর্মী-সমর্থকদের সাথে নিয়ে হলদিয়া মহকুমাশাসকের দপ্তরে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন তিনি।
উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর, জোড়া আসনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী। পরবর্তীকালে ভবানীপুর আসনটি নিজের দখলে রেখে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। নিজের ছেড়ে আসা এই গড় থেকে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে গত কয়েকদিন ধরে বিজেপি অন্দরে বিস্তর চর্চা চলছিল। মেঘনাদ পাল, অঞ্জন পাল সহ একাধিক হেভিওয়েট নেতার নাম ভেসে উঠলেও, শেষপর্যন্ত শুভেন্দু অধিকারীর অত্যন্ত স্নেহভাজন ও বিশ্বস্ত প্রয়াত সহকর্মী চন্দ্রনাথ রথের মা হাসিরানি দেবীকেই চূড়ান্ত আশীর্বাদ দিল পদ্ম শিবির।
প্রার্থীপদ ঘোষণার পরই আত্মবিশ্বাসী হাসিরানি রথ জানান, “আমাদের পরিবারের অভিভাবক স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুরো দল আমার ওপর ভরসা রেখেছে। ১৯৮৮ সাল থেকে আমি রাজনীতির ময়দানে আছি, পঞ্চায়েতে ৫ বার জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছি। সংগঠন আমার সঙ্গে আছে, সাধারণ মানুষের ভালবাসায় রেকর্ড ব্যবধানে জয়ী হব।” ছেলে হারানোর গভীর শোকের মাঝেও দলীয় দায়িত্ব সামলাতে তিনি পুরোপুরি প্রস্তুত।
মনোনয়ন পর্ব ঘিরে মঙ্গলবার সকাল থেকেই রণক্ষেত্রের আমেজ হলদিয়া ও নন্দীগ্রামে। সকাল ১১টা নাগাদ হলদিয়ার কদমতলায় এক বিশাল জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভা শেষে সেখান থেকে বিজেপি প্রার্থী হাসিরানি রথকে পাশে বসিয়ে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এক বর্ণাঢ্য মিছিলে নেতৃত্ব দেবেন শুভেন্দু নিজেই। মিছিল শেষে হলদিয়া মহকুমা শাসকের (SDO) দফতরে আনুষ্ঠানিকভাবে জমা পড়বে হাসিরানি দেবীর নামাঙ্কিত মনোনয়নপত্র। কালীতলা থেকে কালীঘাট, উপনির্বাচনের এই মহা-লড়াইয়ে হাসিরানির আবেগ ও শুভেন্দুর রাজনৈতিক ভিত্তি কতটা প্রাধান্য পায়, সেদিকেই চোখ পুরো রাজ্যের।






