পুজোয় অনলাইনে খাবার অর্ডারেই ভরসা? ক্যাশ অন ডেলিভারিতে বাড়তি মাসুলের ঘোষণা জোম্যাটোর
গ্রাহকদের একাংশের দাবি, অর্ডারের মোট বিলের উপর নির্ভর করে এই অতিরিক্ত চার্জ ৫ থেকে ২০ টাকা পর্যন্ত হতে পারে।
Truth of Bengal: উৎসবের মরশুমের মুখেই গ্রাহকদের জন্য নতুন সিদ্ধান্ত নিল জোম্যাটো। সংস্থার তরফে জানানো হয়েছে, এখন থেকে ক্যাশ অন ডেলিভারিতে খাবার অর্ডার করলে অতিরিক্ত ফি দিতে হতে পারে। তবে সেই ফি কত হবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
গ্রাহকদের একাংশের দাবি, অর্ডারের মোট বিলের উপর নির্ভর করে এই অতিরিক্ত চার্জ ৫ থেকে ২০ টাকা পর্যন্ত হতে পারে। কারও ক্ষেত্রে ৭ টাকা থেকে এই ফি শুরু হচ্ছে বলেও দাবি করা হচ্ছে। আপাতত অনলাইন পেমেন্টে কোনও অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে না।
অনলাইনে খাবার অর্ডারের ক্ষেত্রে এমনিতেই ডেলিভারি ফি, প্ল্যাটফর্ম ফি, প্যাকেজিং চার্জ এবং জিএসটি যোগ হয়। কয়েক মাস আগেই জোম্যাটো ও সুইগি তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছিল। এবার ক্যাশ অন ডেলিভারিতে অতিরিক্ত চার্জ চালু হওয়ায় গ্রাহকদের খরচ আরও বাড়তে পারে।
সুইগি-সহ অন্যান্য ফুড ডেলিভারি অ্যাপ এখনও একই ধরনের ফি চালুর ঘোষণা করেনি। তবে উৎসবের মরশুমে জোম্যাটোর এই নতুন সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই গ্রাহকমহলে আলোচনা শুরু হয়েছে।






