কলকাতা

কলকাতায় ‘গেরুয়া সম্মান যাত্রা’, নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী

এই কর্মসূচির নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Truth of Bengal: গেরুয়ার মাহাত্ম্য ও তাৎপর্য নতুন করে জনমানসে তুলে ধরতে উদ্যোগী রাজ্য সরকার। সাম্প্রতিক সময়ে গেরুয়া রংকে ঘিরে একাধিক বিতর্কের আবহে এবার সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কলকাতায় আয়োজন করা হচ্ছে ‘গেরুয়া সম্মান যাত্রা’। এই কর্মসূচির নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রবিবার প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর, বুধবার বিকেল ৩টে থেকে শুরু হবে এই মিছিল। গোলপার্ক থেকে যাত্রা শুরু হয়ে শেষ হবে যাদবপুরে। সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের বক্তব্য, গেরুয়া শুধু একটি রং নয়; এটি ত্যাগ, আত্মনিবেদন এবং সনাতন ঐতিহ্যের প্রতীক। সেই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতেই এই যাত্রার আয়োজন। মুখ্যমন্ত্রী নিজেও মিছিলে অংশ নেবেন বলে জানানো হয়েছে।

এর আগেও গেরুয়া রংকে কেন্দ্র করে অশান্তি বা অসম্মান বরদাস্ত করা হবে না বলে বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি একটি সংবাদপত্রে ব্যবহৃত ‘গেরুয়া তাণ্ডব’ শব্দবন্ধ নিয়েও আপত্তি তুলেছিলেন তিনি। এবার সেই আবহেই কলকাতার রাজপথে হতে চলেছে ‘গেরুয়া সম্মান যাত্রা’।

Related Articles