খেলা

১৫ বছরের বৈভবকে ‘ভাইস-ক্যাপ্টেন’ বলে খোঁচা তিলকের, হাসির মুহূর্ত ভাইরাল

তবে তিলকের এই মন্তব্য নিয়ে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Truth of Bengal: দলীপ ট্রফির ফাইনালে রবিবার মুখোমুখি হয়েছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ফের নজর কাড়লেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী। অর্ধশতরান থেকে মাত্র ৬ রান দূরে থামলেও তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি মাঠের একটি মুহূর্ত নিয়েও তৈরি হয়েছে আলোচনা। দক্ষিণাঞ্চলের অধিনায়ক তিলক বর্মার সঙ্গে বৈভবের কথোপকথনের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। ভিডিয়োয় তিলককে বৈভবকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘কী ইয়ার, এই ভাইস-ক্যাপ্টেন?’ আপাতদৃষ্টিতে এটি ছিল হালকা মেজাজের মাঠের খোঁচা। কিছুক্ষণের মধ্যেই দু’জনকে হাসতেও দেখা যায়।

তবে তিলকের এই মন্তব্য নিয়ে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, মাত্র ১৫ বছরের ব্যাটারকে এভাবে খোঁচা দেওয়া ঠিক হয়নি। যদিও পুরো ঘটনাটিতে বৈভব নিজেও অস্বস্তি প্রকাশ করেননি এবং দু’জনের মধ্যে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।

এর কিছুক্ষণ পরেই ৪৪ রানে আউট হয়ে যান বৈভব। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। এমনকি অভিজ্ঞ ভারতীয় পেসার মহম্মদ সিরাজের বিরুদ্ধেও বেশ কিছু বড় শট খেলেন। বৈভবের ওপেনিং সঙ্গী অভিমন্যু ঈশ্বরণ অবশ্য আরও বড় ইনিংস খেলেন। ৮৬ বলে ৭২ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছক্কা। পরে রান আউট হয়ে ফিরে যান ঈশ্বরণ।

এর আগে দলীপ ট্রফির সেমিফাইনালেও ইতিহাস গড়েছিলেন বৈভব। মাত্র ১৫ বছর বয়সে অর্ধশতরান করে দলীপ ট্রফিতে সবচেয়ে কম বয়সে এই নজির গড়েন তিনি। সেই ম্যাচে শতরানের কাছাকাছি গিয়েও ৯২ রানে থেমেছিলেন বিস্ময় প্রতিভা।

ফাইনালে প্রথম ইনিংসে ৪৪ রানে থামলেও বৈভবের সামনে এখনও বড় রান করার সুযোগ রয়েছে। তরুণ এই ব্যাটারের দিকে তাই নজর থাকছে ক্রিকেটপ্রেমীদের।