রাজ্যের খবর

“বাবা, দাঁড়াও!” রাস্তার মাঝেই মুখ্যমন্ত্রীর কনভয় থামালেন ৬৮ বছরের বৃদ্ধা, তারপর যা ঘটল…

পুলিশ বাধা দিতেই গাড়ি থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী! মধ্যমগ্রামে স্বপ্নাদেবীর মাথায় হাত রেখে আশীর্বাদের দৃশ্য ভাইরাল

Truth of Bengal: ব্যস্ত যশোর রোডের ওপর হঠাৎই এক বৃদ্ধার জোরালো চিৎকার, “বাবা, দাঁড়াও!” মধ্যমগ্রামে একটি কর্মসূচি সেরে ফেরার পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে ৬৮ বছরের স্বপ্না দাসের এই কাতর আহ্বান নজর এড়ায়নি কারোর। কর্তব্যরত পুলিশ আধিকারিক ও নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধাকে সরিয়ে দিতে গেলে নিজেই হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে নিজের গাড়ি থামানোর নির্দেশ দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ওনাকে আমার কাছে আসতে দিন, আটকাবেন না।”

গাড়ির কাছে পৌঁছেই আবেগাপ্লুত হয়ে পড়েন মধ্যমগ্রামের শ্রীনগরের বাসিন্দা স্বপ্না দেবী। তিনি দু’হাত বাড়িয়ে মুখ্যমন্ত্রীকে নিজের সন্তানের মতো মাথায় হাত রেখে আশিস দান করেন। এরপর নিজের অসহায়তার কথা তুলে ধরে জানান, অন্নপূর্ণা যোজনায় আবেদন বা ফর্ম পূরণ করেও এখনও পর্যন্ত কোনও সরকারি অনুদানের টাকা তিনি পাননি। স্বপ্নাদেবীর কথা ও বয়সের কথা বিবেচনা করে ঘটনাস্থলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু জানান, তাঁর বয়সের বিষয়টি মাথায় রেখে অন্নপূর্ণা যোজনার বদলে তাঁকে সরাসরি ‘বার্ধক্য ভাতা’র আওতায় আনা হবে। এরপরই কনভয়ে থাকা উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরিসারিয়াকে ডেকে স্বপ্নাদেবীর নাম ও যাবতীয় প্রয়োজনীয় নথি সংগ্রহ করে দ্রুত ভাতা চালুর ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।

উল্লেখ্য, সোমবার মধ্যমগ্রামে উত্তর ২৪ পরগনা মহিলা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের ৩৫তম প্রতিষ্ঠা দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। প্রবেশপত্র না থাকায় প্রেক্ষাগৃহে ঢুকতে না পেরে দীর্ঘক্ষণ যশোর রোডের ধারেই অপেক্ষা করছিলেন ওই বৃদ্ধা। প্রায় ১২ বছর আগে স্বামীকে হারিয়েছেন স্বপ্না দাস। একমাত্র ছেলে শুভজিৎ এমএ পাস করেও চাকরি পাননি, উপরন্তু অসুস্থ হয়ে ঘরে শয্যাশায়ী। চরম আর্থিক অনটনে আত্মীয়দের সাহায্যে কোনোমতে সংসার চালানো স্বপ্না দেবী মুখ্যমন্ত্রীর এই মহানুভবতায় আবেগবিহ্বল। তাঁর কথায়, “ভাতার চেয়েও বড় কথা, আমি যে ওনার মাথায় হাত রেখে ছেলের মতো আশীর্বাদ করতে পেরেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। আশা করি মুখ্যমন্ত্রী আগামীতে আরও ভাল কাজ করবেন।”

Related Articles