বিনোদন

মুক্তির আগেই বক্স অফিসে ঝড়, অগ্রিম বুকিংয়ে রেকর্ড গড়ল যশের ‘টক্সিক’

অগ্রিম বুকিং শুরু হওয়ার পর প্রথম কয়েক দিনেই সব ভাষা মিলিয়ে ভারতীয় বক্স অফিসে প্রায় ১০.৯৪ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে বলে খবর।

Truth of Bengal: মুক্তির এখনও কয়েক দিন বাকি। তার আগেই বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত দিতে শুরু করেছে যশ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। একাধিক বার মুক্তির তারিখ পিছিয়েছে ছবিটির। তবু যশের অনুরাগীদের উন্মাদনায় এতটুকু ভাটা পড়েনি। অগ্রিম বুকিং শুরু হতেই তার প্রমাণ মিলেছে টিকিট বিক্রির পরিসংখ্যানে।

অগ্রিম বুকিং শুরু হওয়ার পর প্রথম কয়েক দিনেই সব ভাষা মিলিয়ে ভারতীয় বক্স অফিসে প্রায় ১০.৯৪ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে বলে খবর। ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে আড়াই লক্ষেরও বেশি টিকিট। ছবি মুক্তির আগে হাতে এখনও কয়েক দিন সময় রয়েছে। ফলে এই অঙ্ক আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ১২ হাজার পর্দায় মুক্তি পেতে পারে ছবিটি। বিশেষ করে ‘এ’ সার্টিফিকেট পাওয়া একটি ছবির ক্ষেত্রে মুক্তির আগেই এই বিপুল অঙ্কের অগ্রিম টিকিট বিক্রি নজর কেড়েছে। ফলে মুক্তির দিন যত এগিয়ে আসছে, ‘টক্সিক’ ঘিরে প্রত্যাশাও তত বাড়ছে।‘কেজিএফ’ খ্যাত যশের পাশাপাশি ছবিতে দেখা যাবে একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কিয়ারা আডবাণী, নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশি।ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। যশ এবং ভেঙ্কট কে নারায়ণের কেভিএন প্রোডাকশনস যৌথ ভাবে ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে।

১৯৪০ থেকে ১৯৭০ সালের সময়কালকে কেন্দ্র করে গোয়ার পটভূমিতে তৈরি হয়েছে ‘টক্সিক’-এর গল্প। ছবিতে ‘রায়া’ নামে এক ভয়ঙ্কর গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে যশকে।একটি বিশাল অপরাধ সাম্রাজ্য গড়ে তুলে ক্ষমতার শীর্ষে পৌঁছনোর যাত্রাই ছবির অন্যতম মূল বিষয়। সেই সঙ্গে রয়েছে বিশ্বাসঘাতকতা, শত্রুতা এবং ক্ষমতার অন্ধকার জগতের নানা টানাপড়েন। নিজের ভিতরের অন্ধকারের মুখোমুখি হওয়ার গল্পও উঠে আসবে ছবিতে।

ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। যশের নতুন লুক এবং চরিত্রের প্রশংসা করেছেন তাঁর অনুরাগীদের একাংশ। আবার ছবির কিছু দৃশ্যকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল।তবে সেই বিতর্ককে পিছনে ফেলে সম্প্রতি প্রকাশিত ইংরেজি ট্রেলারও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান সেই প্রত্যাশাকেই আরও জোরালো করেছে।এখন অপেক্ষা প্রেক্ষাগৃহে ছবি মুক্তির। অগ্রিম বুকিংয়ের ঝড় শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা প্রভাব ফেলে, ‘টক্সিক’ পুরনো রেকর্ড ভেঙে নতুন নজির তৈরি করতে পারে কি না—সেই উত্তর মিলবে ছবির মুক্তির পরই।

Related Articles