গম্ভীরকে নিয়ে সমালোচনার জবাবে ভাজ্জি বললেন, ‘অনেকেই সত্যিটা সহজে মেনে নিতে পারেন না’
হরভজনের চোখে, খেলোয়াড় গম্ভীর ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ এবং দলের স্বার্থকে সব সময় ব্যক্তিগত পছন্দের উপরে রাখতেন। তাঁর চরিত্রে একটা সরাসরি ভাব রয়েছে।
Truth of Bengal: গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর থেকেই তাঁকে ঘিরে সমালোচনা কমেনি। মাঠের ফলাফল থেকে শুরু করে দল পরিচালনার ধরন, তাঁর সিদ্ধান্ত এবং প্রকাশ্যে বক্তব্য দেওয়ার ভঙ্গি নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। তবে প্রাক্তন সতীর্থ হরভজন সিং মনে করেন, গম্ভীরকে এতটা কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয়। তাঁর মতে, গম্ভীর বরাবরই স্পষ্ট কথা বলেন এবং সেই সত্যি অনেকের কাছে তিক্ত লাগতে পারে।
হরভজনের চোখে, খেলোয়াড় গম্ভীর ছিলেন অত্যন্ত আবেগপ্রবণ এবং দলের স্বার্থকে সব সময় ব্যক্তিগত পছন্দের উপরে রাখতেন। তাঁর চরিত্রে একটা সরাসরি ভাব রয়েছে। কী মনে করছেন, তা ঘুরিয়ে না বলে স্পষ্ট করে জানিয়ে দেওয়ার অভ্যাসই হয়তো অনেকের অস্বস্তির কারণ। হরভজনের দাবি, গম্ভীর যা বলেন, তা অনেক সময় তিক্ত হলেও সত্যি।
জাতীয় দলের কোচ হিসাবে গম্ভীরের সময়টা অবশ্য একেবারে মিশ্র। তাঁর অধীনে ভারত টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছে। কিন্তু টেস্ট ক্রিকেটে সাফল্যের ছবি ততটা উজ্জ্বল নয়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ধাক্কা খেয়েছে ভারত। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ হোয়াইটওয়াশ হওয়ায় গম্ভীরের দল পরিচালনা নিয়ে প্রশ্ন আরও বেড়েছে।
হরভজন অবশ্য মনে করেন, ফল খারাপ হলেই কোচকে দোষ দেওয়ার প্রবণতা বদলানো দরকার। তাঁর মতে, গম্ভীরকে বাইরে থেকে দেখলে একরোখা বা কঠিন মনে হতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি গম্ভীরকে খুব ভাল মানুষ হিসাবেই চেনেন। তাঁর সঙ্গে কাজ করা মানুষেরাই তাঁর প্রকৃত চরিত্র বুঝতে পারবেন বলে মনে করেন হরভজন।
গম্ভীরের ক্রিকেট দর্শন নিয়েও প্রাক্তন স্পিনারের বক্তব্য স্পষ্ট। জয় পাওয়ার জন্য দলকে সব সময় ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে। হারলেও জয়ের চেষ্টা থাকলে তিনি তা মেনে নিতে পারেন, কিন্তু নিছক ড্রয়ের জন্য খেলা গম্ভীরের পছন্দ নয়।
পাশাপাশি ভারতের নতুন টেস্ট ও একদিনের অধিনায়ক শুভমন গিলের প্রতিও আস্থা প্রকাশ করেছেন হরভজন। তাঁর মতে, নেতৃত্বের সাফল্য রাতারাতি আসে না। ইংল্যান্ডে গিলের নেতৃত্বে সিরিজ ড্র এবং তাঁর ব্যাটিং পারফরম্যান্সই প্রমাণ করে, সময় পেলে তিনি নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে পারবেন। ওঠানামা থাকলেও গিলের ক্রিকেট মস্তিষ্ক এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে হরভজন যথেষ্ট আশাবাদী।






