কলকাতা

“বিধানসভায় পরিকল্পিতভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না!” এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিধায়ক কুণাল ঘোষ

তিনি কলকাতা হাই কোর্টে রিট পিটিশন দায়ের করেছেন

Truth of Bengal: বিধানসভায় তাঁকে পরিকল্পিতভাবে কথা বলতে দেওয়া হচ্ছে না—এই অভিযোগে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিধায়ক কুণাল ঘোষ। শুক্রবার তাঁর দায়ের করা মামলাটি শুনানির তালিকায় এসেছে। বিধানসভার অধিবেশনে নিজের সাংবিধানিক অধিকার খর্ব হয়েছে বলে দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন তিনি। কুণাল ঘোষের দাবি, গুরুত্বপূর্ণ আলোচনার সময় তাঁকে বারবার বক্তব্য রাখতে বাধা দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, এই পদক্ষেপ পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সেই কারণেই তিনি কলকাতা হাই কোর্টে রিট পিটিশন দায়ের করেছেন। মামলার সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে নোটিসের কপি পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী।

এই প্রসঙ্গে কুণাল বলেন, “বিধানসভার অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনায় পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে আমাকে বলতে দেওয়া হয়নি। আমার সাংবিধানিক অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। তাই ন্যায়বিচার চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছি।” রাজ্য সরকারের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। কুণালের অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন সরকার বিরোধী শিবিরকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে। তাঁর বক্তব্য, তিনি সরকারের নিয়ন্ত্রণে না থাকায় তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিধানসভায় কথা বলতে বাধা দেওয়া হচ্ছে।

কুণাল আরও অভিযোগ করেন, প্রতিবাদ জানালে মার্শাল ডেকে তাঁকে বিধানসভা থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাবও আনা হচ্ছে। তাঁর দাবি, বিধায়ক হিসেবে বক্তব্য রাখার অধিকার রক্ষার জন্যই এবার আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভার অধিবেশন চলাকালীন বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানকে বক্তব্য রাখতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল কুণাল ঘোষের বিরুদ্ধে। সেই ঘটনার জেরে তাঁকে এক দিনের জন্য অধিবেশন থেকে সাসপেন্ড করা হয়েছিল।

Related Articles