রাজ্যের খবর

‘আর ভিন রাজ্যে যেতে হবে না, জেলাতেই মিলবে কাজ!’ পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড় ঘোষণা দিলীপের

দিলীপ ঘোষের দাবি, প্রকল্পে কাজের দিন বাড়ানোর পাশাপাশি মজুরিও বৃদ্ধি করা হয়েছে

Truth of Bengal: পরিযায়ী শ্রমিকদের আর কাজের খোঁজে ভিনরাজ্যে যেতে হবে না। নিজেদের জেলাতেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে রাজ্য সরকার। সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে এক প্রশাসনিক বৈঠকের পর এমনই আশ্বাস দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রী জানান, প্রতি বছর ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলোচ্ছ্বাস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে সুন্দরবনের বহু মানুষ জীবিকা হারান। জল-জঙ্গলে ঘেরা প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের একটি বড় অংশ তখন বাধ্য হয়ে কাজের সন্ধানে অন্য রাজ্যে পাড়ি দেন। এই প্রবণতা কমাতেই ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে স্থানীয় স্তরে আরও বেশি কাজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দিলীপ ঘোষের দাবি, প্রকল্পে কাজের দিন বাড়ানোর পাশাপাশি মজুরিও বৃদ্ধি করা হয়েছে। এর ফলে গ্রামীণ মানুষের হাতে বেশি কাজ পৌঁছবে এবং তাঁদের আয়ও বাড়বে। স্থানীয় স্তরে নিয়মিত কর্মসংস্থান তৈরি হলে পরিযায়ী শ্রমিকের সংখ্যাও ধীরে ধীরে কমবে বলে আশাবাদী পঞ্চায়েতমন্ত্রী। সরকার ধাপে ধাপে নতুন গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড চালু করছে বলেও জানিয়েছেন তিনি। ভিনরাজ্য থেকে কোনও পরিযায়ী শ্রমিক ফিরে এলে তাঁকেও স্থানীয় স্তরে কাজ দেওয়ার ব্যবস্থা করা হবে। কারও যাতে কর্মসংস্থানের অভাবে আবার রাজ্যের বাইরে চলে যেতে না হয়, সে দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

সোনারপুরের পাশাপাশি বারাসতের রবীন্দ্রভবনেও প্রশাসনিক বৈঠক করেন পঞ্চায়েতমন্ত্রী। দুই বৈঠকেই আবাস যোজনা, স্বচ্ছ ভারত অভিযান, জল জীবন মিশন এবং গ্রামীণ কর্মসংস্থান-সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে পৃথকভাবেও আলোচনা করেন তিনি। আবাস যোজনা নিয়ে আগের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, পূর্ববর্তী সরকারের আমলে নিয়ম ভেঙে বহু অযোগ্য ব্যক্তি আবাস প্রকল্পের সুবিধা পেয়েছেন। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে আগামী ১৫ তারিখ পর্যন্ত সমীক্ষা চলবে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নিয়ম বহির্ভূতভাবে যাঁরা আবাস যোজনার টাকা নিয়েছেন, তাঁদের কাছ থেকে সরকারি অর্থ ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles