ইস্তফা দিলেও ঢাল বিজেপি! ‘সততার অনন্য নজির’ আখ্যা দিয়ে ধর্মেন্দ্রর প্রশংসায় পঞ্চমুখ নীতীন নবীন
শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের দীর্ঘ কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেছে বিজেপি নেতৃত্ব।
Truth of Bengal: দেশজুড়ে প্রবল ছাত্র আন্দোলনের মুখে পড়ে অবশেষে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার সকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন। তাঁর এই ইস্তফার খবর সামনে আসতেই দিল্লির যন্তর মন্তরে আনন্দ ও উৎসবে মেতে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে পদত্যাগের পর সরকার ও দল উভয় পক্ষ থেকেই তাঁর পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধানের দীর্ঘ কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেছে বিজেপি নেতৃত্ব।
ইস্তফা দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় ধর্মেন্দ্র প্রধান জানান, “দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এবং একটি দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা গড়াই ছিল আমার প্রথম অগ্রাধিকার। আমি কখনোই নিজের দায়িত্ব থেকে পিছপা হইনি এবং প্রথম দিন থেকেই নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত বিতর্কের দায় স্বীকার করে নিয়েছি।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে, ছাত্র আন্দোলনের আড়ালে কিছু দেশবিরোধী চক্র ষোড়শ জাতীয় স্তরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সেই কুচক্রী মহল যাতে পরিস্থিতির কোনো সুযোগ নিতে না পারে, সেই কারণেই তিনি দেশের স্বার্থে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন।
শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু। সামাজিক মাধ্যমে রিজিজু লেখেন, দশকের পর দশক ধরে দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ ও সার্বিক উন্নতির লক্ষ্যে কাজ করে গিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি মন্ত্রকের দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে সামলেছেন। শক্তিশালী ভারত গড়ার ক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের জন্য ধর্মেন্দ্র প্রধানকে ধন্যবাদ জানিয়ে রিজিজু আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও তিনি একইভাবে জাতির সেবায় নিয়োজিত থাকবেন।
অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনও ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি উল্লেখ করেন যে, যুগান্তকারী ‘জাতীয় শিক্ষা নীতি (NEP 2020)’ সফলভাবে বাস্তবায়নে ধর্মেন্দ্র প্রধানের অবদান অবিস্মরণীয়। নীতীন নবীন জানান, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নীতিগত অবস্থান থেকে এই পদত্যাগের সিদ্ধান্ত তাঁর নিঃস্বার্থ জনসেবা ও সততারই প্রমাণ দেয়। দল সম্পূর্ণরূপে তাঁর পাশে রয়েছে জানিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বিজেপি সভাপতি।






