রাজ্যের খবর

​জলঙ্গিতে পুলিশের তৎপরতা, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার আগেই আটক দুই বাংলাদেশি

​তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, প্রায় দুই বছর আগে কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন মিলন ও সুজন।

Truth of Bengal: কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদ: ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। মঙ্গলবার বিকেল নাগাদ মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবরামপুর এলাকায় একটি টোটো থেকে তাঁদের আটক করে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ মিলন মন্ডল এবং মহম্মদ সুজন মন্ডল। তাঁরা দুজনেই বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাসিন্দা। ​তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, প্রায় দুই বছর আগে কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন মিলন ও সুজন। এরপর তাঁরা কাজের সন্ধানে কেরলে চলে যান এবং সেখানে দীর্ঘ দুই বছর রাজমিস্ত্রি বা অন্য কোনো শ্রমিকের কাজ করছিলেন। কেরলে কাজ শেষ করে সম্প্রতি তাঁরা একইভাবে অবৈধ উপায়ে বাংলাদেশে নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার পরিকল্পনা করেন।

​পরিকল্পনা অনুযায়ী তাঁরা জলঙ্গি সীমান্ত এলাকায় পৌঁছান। কিন্তু পারাপারের আগেই গোপন সূত্রে খবর পায় জলঙ্গি থানার পুলিশ। সাহেবরামপুর এলাকায় একটি টোটোতে চেপে যাওয়ার সময় পুলিশ তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর ও বৈধ ভারতীয় ভিসা বা পাসপোর্ট দেখাতে না পারায় তাঁদের থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ধৃতদের লালগোলা হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের সাথে অন্য কোনো চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে জলঙ্গি থানার পুলিশ।

Related Articles