বিনোদন

‘ফুটপাথের মেয়ে’ থেকে ‘আর্বানায় থাকার যোগ্যতা’! রচনার ‘ঠুনকো দম্ভ’ নিয়ে একযোগে কটাক্ষ টলিপাড়ার

রচনার ‘আর্বানা’ অহংকারে শ্রীলেখার খোঁচা, ‘ফুটপাথের মেয়ে’ তত্ত্বে ফুঁসলেন ঋদ্ধি সেন!

Truth of Bengal: রাজনীতির হাওয়া বদলাতেই হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্মুখ সমর শুরু হয়েছে। রচনার দলবিরোধী মন্তব্যের জবাবে কল্যাণবাবু তোপ দেগেছিলেন, “দিদি নম্বর ওয়ান এখন অতীত। এবার ওঁর বাড়িতে দুধওয়ালা আর কাগজওয়ালা ছাড়া কেউ আসবে না।” এর জবাবে রচনা দম্ভের সঙ্গে পালটা বলেন, “আর্বানাতে থাকতে গেলে যোগ্যতা প্রয়োজন।” রচনার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আসতেই শুরু হয় তীব্র ট্রোলিং। বিশিষ্ট অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ফেসবুকে তীব্র ব্যঙ্গ করে লেখেন, “শুনলাম কে নাকি বলেছে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে পাস করলে তবেই আরবানাতে চান্স পাওয়া যায়!” সমান্তরালে শ্রীলেখা মিত্রও কটাক্ষের সুরে পোস্ট করেন, “এই আর্বানাতে থাকার যোগ্যতার লিস্ট কেউ রেডি করলে পাঠাবেন, মিলিয়ে দেখব কার কার আছে।”

তবে শুধু ‘আর্বানা’ বিতর্কই নয়, সংবাদমাধ্যমের সামনে রচনার করা ‘ফুটপাথের মেয়ে’ শব্দবন্ধটি নিয়ে টলিপাড়ায় তুমুল ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। রচনা প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, মমতার উচিত ছিল ওঁর জায়গায় কোনও ফুটপাথের বা গড়িয়াহাটের মেয়েকে টিকিট দেওয়া। রচনার এই চরম ‘শ্রেণিবিদ্বেষী’ মানসিকতার বিরুদ্ধে নেটপাড়ায় গর্জে উঠেছেন জাতীয় পুরস্কারজয়ী তরুণ অভিনেতা ঋদ্ধি সেন।

“বুলডোজার দিয়ে বাসস্থান ভাঙার আগেই মনটা গুঁড়িয়ে দিয়েছে স্টার পাওয়ার”, বিস্ফোরক ঋদ্ধি

কৌশিক-পুত্র ঋদ্ধি সেন রচনার এই মন্তব্যকে তীব্র আক্রমণ করে লিখেছেন, “রচনা ব্যানার্জি নিজের অপরিহার্যতা এবং ঠুনকো দম্ভের রচনা পড়তে পড়তে নিজের মানসিকতার আসল রূপটা দেখালেন। এই মনোভাবই হল দেশ ও পৃথিবীর সবচেয়ে বড় শত্রু। যে শাসক ফুটপাথের লোকের ভোটে জিতে ক্ষমতায় আসে, ভোট চাইতে ফুটপাথেই যায়, তারাই মনে করে ফুটপাথ থেকে উঠে আসা কোনও মেয়ের কোনওদিন সাংসদ (MP) হওয়ার ক্ষমতা নেই! ভালই হল, রচনা ব্যানার্জি প্রমাণ করে দিলেন উনি স্রেফ ঘৃণার যোগ্য। ফুটপাথের মানুষই একদিন এদের এই পচে যাওয়া স্টার পাওয়ারের ঔদ্ধত্য ছুঁড়ে ফেলে দেবে।”

ভাস্বর থেকে সুজয় প্রসাদ, রচনার ‘দম্ভ’ নিয়ে উত্তাল টলিপাড়া!

অভিনেতা তথা লেখক ভাস্বর চট্টোপাধ্যায়ও এই বিতর্কে অংশ নিয়ে রচনার আর্বানা তত্ত্বের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেন, “আর্বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে শুনলাম। তাহলে যাঁরা ‘অ্যাটমোসফিয়ার’ বা ‘দ্য ৪২’ (The 42)-এর মতো আরও দামি বহুতলে থাকেন, তাঁরা কী বলবেন?” সেই পোস্টের কমেন্ট বক্সে অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় মজা করে লেখেন, “আমি তো দক্ষিণে থাকি। ওটা ভীষণ অযোগ্য।” রাজনৈতিক ও সামাজিক মহলের মতে, ক্ষমতার পালাবদলের মরশুমে রচনা বন্দ্যোপাধ্যায়ের এই অহংকারী ও অবিবেচকের মতো মন্তব্য তাঁর ফিল্মি কেরিয়ার এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা, দুই জায়গাতেই মস্ত বড় কুঠারাঘাত করল।

Related Articles