খেলা

লেকটাউনের পর এবার আর্জেন্টিনা! মেসির ৮৫ ফুটের মূর্তি ঘিরে নেটপাড়ায় হাসির রোল

৮৫ ফুটের দানবীয় মূর্তি, সামনে বিশ্বকাপ! আর্জেন্টিনার রাজপথে এ কেমন মেসিকে বসাল ভাস্কর?

Truth of Bengal: লিওনেল মেসির ভাস্কর্য বা মূর্তি ঘিরে বিতর্কের ইতিহাস বেশ পুরনো। গত বছর ডিসেম্বরে মহানগরে মেসির সফরের সময় কলকাতার লেকটাউনে ফুটবল জাদুকরের একটি মূর্তি উন্মোচন করা হয়েছিল। কিন্তু প্রথম দিন থেকেই সেই মূর্তির মুখের অবয়ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোল শুরু হয়। ভক্তদের দাবি ছিল, ওটি মেসির মতো দেখতেই নয়, বরং অন্য কোনও সেলিব্রিটির মুখ বসিয়ে দেওয়া হয়েছে। শেষপর্যন্ত গত মাসে কালবৈশাখীর ঝড়ে মূর্তিটি দুলতে শুরু করায় এবং দুর্ঘটনা এড়াতে প্রশাসন সেটি ভেঙে সরিয়ে দেয়। এবার ঠিক একই ধরণের এক আন্তর্জাতিক মূর্তির বিতর্ক আছড়ে পড়ল খোদ মেসির নিজের দেশ আর্জেন্টিনায়!

আর্জেন্টিনায় চলতি বিশ্বকাপের আবহেই গত ১৬ জুন দেশের অন্যতম বিখ্যাত অঞ্চল পাটাগোনিয়ায় লিওনেল মেসির একটি দানবীয় মূর্তি উন্মোচন করা হয়েছে। ৭০ টন ওজনের খাঁটি স্টিল ও লোহা দিয়ে তৈরি এই মূর্তিটির উচ্চতা শুনলে চোখ কপালে উঠবে, প্রায় ৮৫ ফুট! ভাস্কর্যে দেখা যাচ্ছে, লিওনেল মেসি হাঁটু মুড়ে বসে রয়েছেন, তাঁর হাত দুটি সামনের দিকে বাড়ানো এবং পায়ের ঠিক সামনে রাখা রয়েছে কাঙ্ক্ষিত সোনালি বিশ্বকাপ ট্রফি। একটি মূল হাইওয়ের ঠিক ওপরেই এই মেগা মূর্তিটি বসানো হয়েছে, যাতে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের তা স্বাগত জানাতে পারে।

Statue of Lionel Messi unveiled in Patagonia during the World Cup.

“আর্জেন্টিনার জার্সি পরানো অন্য কেউ!” ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

মূর্তি উন্মোচনের পর থেকেই নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেন এবং ফুটবল ভক্তদের একটি বড় অংশের দাবি, এই ৮৫ ফুটের মূর্তির মুখাবয়বের সঙ্গে এলএমটেন (LM10)-এর মুখের কোনও মিলই নেই। শুধু তাই নয়, অ্যানাটমি বা শারীরিক গঠনের দিক থেকেও মূর্তির কোমর থেকে নিচের দিকটি অতিরিক্ত মোটা ও অদ্ভুত করা হয়েছে। এক ভক্তের কথায়, “মনে হচ্ছে যেন আর্জেন্টিনার জার্সি পরিয়ে অন্য কোনও মোটা মানুষকে জোর করে হাইওয়ের ওপর বসিয়ে রাখা হয়েছে!”

Statue of Lionel Messi unveiled in Patagonia during the World Cup.

তবে পাশেও দাঁড়াচ্ছেন অনেকে: “ছোট বাচ্চাও চেনে ওটা কে!”

অবশ্য বিতর্কের মাঝেই এই ভাস্কর্যের পক্ষেও সুর চড়িয়েছেন বহু মানুষ। তাঁদের যুক্তি, খোলা আকাশের নিচে ৮৫ ফুট উঁচু এবং ৭০ টন ওজনের লোহা-স্টিল দিয়ে হুবহু মানুষের মুখের নিখুঁত অবয়ব ফুটিয়ে তোলা অত্যন্ত কঠিন কাজ। টেকনিক্যাল কারণেই চেহারার অনুপাত একটু এদিক-ওদিক হতে বাধ্য। তা ছাড়া, এই মুহূর্তে আর্জেন্টিনার মাটিতে বিশ্বকাপ ট্রফি হাতে কোনো মূর্তি বসলে তা যে ফুটবল ঈশ্বর লিওনেল মেসিরই হবে, তা দেশের ছোট শিশুও এক পলক দেখেই বলে দিতে পারবে। অবয়ব যাই হোক, পাটাগোনিয়ার এই নতুন সৃষ্টি এখন বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের সেলফি জোনে পরিণত হয়েছে।

Related Articles