কলকাতা

ফিরহাদ-অরূপদের ডানা ছাঁটলেন মমতা! ঋতব্রত শিবিরের বৈঠকের পরই হেভিওয়েটদের শোকজ কালীঘাটের

মমতার পাশে আর কে কে আছেন? ববি-অরূপ-জাভেদদের শোকজ নোটিস পাঠাতেই চরম সংকটে ঘাসফুল শিবির!

Truth of Bengal: বাংলার রাজনীতিতে যেন মহা-মুষলপর্ব! এতদিন যাঁরা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরম বিশ্বস্ত ও ছায়াসঙ্গী, আজ তাঁদের বিরুদ্ধেই চরম আইনি ও সাংগঠনিক খাঁড়া নামিয়ে আনল কালীঘাট। সোমবার বিকেলে নিউটাউনের পাঁচতারা হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূলের বিশেষ অধিবেশন এবং মেগা সাংবাদিক বৈঠকের ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই এক নজিরবিহীন পদক্ষেপ নিল কালীঘাট তৃণমূল কংগ্রেস। দলবিরোধী কাজের অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, রথীন ঘোষ, বিপ্লব মিত্র, স্নেহাশিস চক্রবর্তী এবং সাবিনা ইয়াসমিন-সহ একঝাঁক হেভিওয়েট নেতাকে সরাসরি শোকজ নোটিস পাঠাল মমতার নবগঠিত শৃঙ্খলারক্ষা কমিটি।

তৃণমূলের অন্দরে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বতন সমস্ত কমিটি ভেঙে দিয়েছিলেন। কড়া হাতে শৃঙ্খলা বজায় রাখতে তৈরি করা হয়েছিল নতুন শৃঙ্খলারক্ষা কমিটি। কিন্তু তাতেও যে ভাঙন রোখা যায়নি, তা সোমবার বিকেলের ছবিটাই স্পষ্ট করে দিয়েছে। নিউটাউনের সেই পাঁচতারা হোটেলের বৈঠকে কেবল শীর্ষ নেতারাই নন, হাজির ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কাউন্সিলররা। সবচেয়ে বড় চমক ছিল, খোদ মমতা-অনুগামী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র তথা কলকাতার ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসুর সেই বিদ্রোহী শিবিরে উপস্থিতি! এই ঘটনা কালীঘাটের অন্দরে যে বড়সড় ধাক্কা দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূলের নতুন কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য হাওড়ার অরূপ রায়কে চেয়ারম্যান পদে বসানো হয়েছে। আর ভাইস চেয়ারম্যানের পদে আনা হয়েছে ফিরহাদ, অরূপ বিশ্বাসদের। একদা যে স্নেহাশিস চক্রবর্তী রাজনীতি থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন, তিনিও আজ ঋতব্রতর পাশে।

সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, আগামী দিনে আরও একাধিক বড় নাম তাঁদের এই ‘আসল’ তৃণমূলে যুক্ত হতে চলেছে। রাজনৈতিক মহলের মতে, একের পর এক বিশ্বস্ত সেনাপতি দল ছাড়ায় এবং খোদ দলের চেয়ারপার্সন ও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদকে চ্যালেঞ্জ করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারে এটিই সম্ভবত সবচেয়ে বড় পরীক্ষা। একদিকে ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ, অন্যদিকে দীর্ঘদিনের সহযোদ্ধাদের এই চরম বিদ্রোহ, এই জোড়া ফলায় বিদ্ধ কালীঘাট। এখন দেখার, এই শোকজ নোটিসের জবাবে ফিরহাদ-অরূপরা কী পালটা চাল চালেন, আর শেষপর্যন্ত মমতার পাশে কোন কোন বিশ্বস্ত সৈনিক টিকে থাকেন।

Related Articles