থানার বাইরে জুতোর মালা হাতে ক্ষুব্ধ জনতা! ‘মেসি কাণ্ডে’ ফের বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের
সোমবার ফের তাঁকে থানায় ডাকা হয়
Truth of Bengal: মেসি কাণ্ডে ফের বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। সোমবার তলব অনুযায়ী থানায় পৌঁছন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এর আগে গত ১৮ জুন একই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে সূত্রের খবর, সেদিন অরূপ বিশ্বাসের দেওয়া জবাবে তদন্তকারীরা সন্তুষ্ট হননি। সেই কারণেই তাঁকে দ্বিতীয়বারের জন্য ডেকে পাঠানো হয়। মেসির গোট টুর ঘিরে বিতর্কের সূত্রপাত গত ১৭ মে। ওই দিন আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে টিকিট কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, নিরাপত্তায় গাফিলতি এবং প্রতারণার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৩(৫), ৩০৮(২), ৩১৮(৪), ৩৫১(২) এবং ৬১(২) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
Salt Lake, West Bengal: Former sports minister Aroop Biswas arrived at Bidhannagar South Police Station for the second time in connection with the probe related to footballer Lionel Messi. Meanwhile, a group of BJP supporters gathered outside the police station carrying a garland… pic.twitter.com/XhQBbrcN28
— IANS (@ians_india) June 22, 2026

অভিযোগের ভিত্তিতে প্রথমে অরূপ বিশ্বাসকে ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। তবে তার আগেই থানার সঙ্গে যোগাযোগ করেন প্রাক্তন মন্ত্রী। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে আগামী দু’সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। কিন্তু সেই আবেদন মেনে নেয়নি পুলিশ। এরপর ৮ জুন বেলা ১১টার মধ্যে তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার আগের দিন অরূপ বিশ্বাসের বাড়িতে দু’টি নোটিস সাঁটিয়ে আসে পুলিশ। নোটিসে স্পষ্ট বলা হয়, অসুস্থতার কারণ দেখালেও তার স্বপক্ষে কোনও মেডিক্যাল রিপোর্ট বা প্রমাণ তিনি জমা দেননি। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে হবে। তবে ৮ জুনও সশরীরে থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। এমনকি আইনজীবী মারফতও থানায় কোনও বার্তা পাঠানো হয়নি বলে অভিযোগ। এর মধ্যেই মেসি কাণ্ডে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। পরে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সেখানেও প্রথমে ধাক্কা খেতে হয় তাঁকে।

পরবর্তীতে হাই কোর্ট নির্দেশ দেয়, অরূপ বিশ্বাসকে তলব করতে হলে অন্তত ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। একইসঙ্গে আদালত জানিয়ে দেয়, তদন্ত নিজের গতিতে চলবে। তবে পুলিশের তরফে গ্রেপ্তারের মতো কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তেও পারবেন না অরূপ বিশ্বাস। হাই কোর্টের নির্দেশের পর গত ১৮ জুন প্রথমবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। কিন্তু তদন্তকারীরা তাঁর জবাবে সন্তুষ্ট নন বলেই সূত্রের দাবি। সেই কারণেই সোমবার ফের তাঁকে থানায় ডাকা হয়। মেসি ইভেন্ট ঘিরে আর্থিক লেনদেন, টিকিট বিতরণ, নিরাপত্তা ব্যবস্থা এবং আয়োজকদের অভিযোগের ভিত্তিতেই তাঁকে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।






