শ্বশুরবাড়ির ইলিশ বনাম রাজনৈতিক ইস্যু কৌস্তভের জামাইষষ্ঠী হয়ে উঠল হট টপিক
বিয়ের পর এবং বিধায়ক হওয়ার পর এই প্রথম জামাইষষ্ঠীতে শ্রীরামপুরের ওয়েস্টার্ন পার্কে শ্বশুরবাড়িতে পৌঁছন কৌস্তভ।
Truth of Bengal: সৌগত রায়, হুগলি: জামাইষষ্ঠীর দুপুরে একদিকে সর্ষে ইলিশ, ভেটকি পাতুরি, খাসির মাংস আর মিষ্টির সম্ভার, অন্যদিকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ— দুইয়ের মিশেলে জমে উঠল বারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর প্রথম জামাইষষ্ঠী।
বিয়ের পর এবং বিধায়ক হওয়ার পর এই প্রথম জামাইষষ্ঠীতে শ্রীরামপুরের ওয়েস্টার্ন পার্কে শ্বশুরবাড়িতে পৌঁছন কৌস্তভ। তবে হাতে সময় কম। খাওয়াদাওয়া সেরেই তাঁকে ছুটতে হবে পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবসের বিভিন্ন কর্মসূচিতে। তাই জামাইষষ্ঠীর আনন্দের মাঝেও রাজনৈতিক ব্যস্ততার ছাপ ছিল স্পষ্ট।
এদিন অবশ্য রাজনীতির পাশাপাশি চর্চার কেন্দ্রে ছিল কৌস্তভের মাথার চুলও। নির্বাচনের আগে তিনি বলেছিলেন, পরিবর্তন এলে মাথায় চুল ফিরবে। সেই প্রসঙ্গ উঠতেই হাসতে হাসতে জানান, মানুষের আশীর্বাদে তাঁর সেই প্রতিজ্ঞা পূরণ হয়েছে। তৃণমূল নেতৃত্ব মানুষের মন বুঝতে পারেনি বলেও কটাক্ষ করেন তিনি।
স্ত্রী প্রীতি কর অবশ্য স্বামীর এই ‘লাক ফ্যাক্টর’ তত্ত্বকে মজার ছলে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তাঁর কথায়, ‘উনি খুব চালাকি করে বলেছেন লাক ফ্যাক্টর। বউয়ের জন্য কতটা লাক ফ্যাক্টর সেটা বলেননি।’ একইসঙ্গে জানান, বিধায়ক হওয়ার পর স্বামীর সঙ্গে সময় কাটানোর সুযোগ প্রায় নেই বললেই চলে। তাঁদের দৈনন্দিন রুটিন এমন যে, একজন বেরোলে অন্যজন ঘুমিয়ে থাকেন।
চুল নিয়ে স্বামীর দীর্ঘদিনের প্রতিজ্ঞার কথাও তুলে ধরেন প্রীতি। জানান, বিয়ের সময় ন্যাড়া মাথাতেই বিয়ে করেছিলেন কৌস্তভ। এখন মাথায় চুল ফিরে আসায় তাঁরও ভাল লাগছে।
এদিকে জামাইকে আপ্যায়নে কোনও খামতি রাখেননি শ্বশুর বিশ্বজিৎ কর। ভেটকি পাতুরি থেকে গঙ্গার জ্যান্ত ইলিশ, খাসির মাংস থেকে মিষ্টি-দই, সবই ছিল মেনুতে। হাসতে হাসতে তিনি বলেন, ‘জামাই যা চাইবে, সবেরই ব্যবস্থা আছে।’
তবে শুধু পারিবারিক আবেগেই থেমে থাকেননি কৌস্তভ। হুগলিতে বিজেপি কর্মী খুনের ঘটনা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এবং দুর্নীতি প্রসঙ্গেও তীব্র ভাষায় আক্রমণ শানান তিনি। তাঁর দাবি, বিজেপি কর্মীরা দলীয় নির্দেশে সংযত রয়েছেন, তবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে এবং কোনও চোর শান্তিতে থাকবে না।
সব মিলিয়ে এদিনের জামাইষষ্ঠী ছিল একেবারে ব্যতিক্রমী। একদিকে শ্বশুরবাড়ির আদর-আপ্যায়ন, অন্যদিকে রাজনৈতিক বার্তা। ইলিশের স্বাদ আর রাজনীতির ঝাঁঝ— দুই মিলিয়ে শ্রীরামপুরে কৌস্তভ বাগচীর প্রথম জামাইষষ্ঠী হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু।





