রাজ্যের খবর

থানায় ডেকে নগ্ন করে বিদ্যুতের শক! ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিও-র বিরুদ্ধে এফআইআর

ডায়মন্ড হারবার থানায় চলত ‘থার্ড ডিগ্রি’? মিতুন দে-র কীর্তি ফাঁস হতেই তোলপাড় রাজ্য পুলিশ মহল

Truth of Bengal: বঙ্গে রাজনৈতিক পটপরিবর্তন ঘটতেই একে একে খুলছে পূর্বতন তৃণমূল জমানার পুলিশি অত্যাচারের অন্ধকার ফাইল। এবার চরম বিপাকে পড়লেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত দাপুটে পুলিশ আধিকারিক মিতুনকুমার দে (Mithun Kumar Dey)। ডায়মন্ড হারবারের প্রাক্তন এই এসডিপিও (SDPO)-র বিরুদ্ধে এবার থানায় ডেকে এক তৃণমূল কাউন্সিলর এবং এক সাংবাদিককে নগ্ন করে নারকীয় অত্যাচার ও ইলেকট্রিক শক দেওয়ার মতো মারাত্মক অভিযোগে এফআইআর (FIR) রুজু করল পুলিশ। বুধবার রাতে খোদ ডায়মন্ড হারবার থানার পুলিশই তাঁদের প্রাক্তন কর্তার বিরুদ্ধে এই মামলা রুজু করে তদন্তে নেমেছে।

থানায় চলত মধ্যযুগীয় বর্বরতা? উঠে এল হাড়হিম করা অভিযোগ

ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে যখন মিতুনকুমার দে সেখানে এসডিপিও পদে কর্মরত ছিলেন, সেই সময় ডায়মন্ড হারবার পুরসভার তৎকালীন তৃণমূল কাউন্সিলর ডাঃ তমাল কুমার হালদার এবং স্থানীয় এক সাংবাদিকের ওপর নির্মম অত্যাচার চালানো হয়।

অভিযোগে জানানো হয়েছে, কোনও এক অজ্ঞাত কারণে ওই কাউন্সিলর ও সাংবাদিককে থানায় ডেকে পাঠান মিতুনবাবু। এরপর লক-আপের ভেতর তাঁদের পোশাক খুলে সম্পূর্ণ নগ্ন করা হয় এবং নির্মম মারধরের পাশাপাশি শরীরে বিদ্যুতের শক (Electric Shock) দেওয়া হয়! রাজ্যে ক্ষমতা বদলের পর গত ১১ মে প্রথম ওই কাউন্সিলর থানায় মিতুন দে-র বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। পরবর্তীতে গত ১৫ জুন সমস্ত তথ্যপ্রমাণ-সহ এফআইআর দায়ের করা হলে বুধবার রাতে পুলিশ মামলা রুজু করে।

ক্ষমতার দাপট থেকে নির্বাচন কমিশনের কোপ

তৃণমূল জমানায় মিতুনকুমার দে-র দাপট ছিল দেখার মতো। এসডিপিও থাকার পর তিনি ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ASP) পদে উন্নীত হন। পরবর্তীকালে তিনি ভারপ্রাপ্ত পুলিশ সুপারের (SP) দায়িত্বও সামলান। এরপর পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় তাঁকে।

কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটের ঠিক আগে তাঁর বিরুদ্ধে অতি-সক্রিয়তার অভিযোগ ওঠায় ভারতের নির্বাচন কমিশন (ECI) তাঁকে তড়িঘড়ি বদলি করে খড়গপুর এসআরপি (SRP) পদে পাঠিয়ে দেয়।

এবার কি গ্রেফতার করা হবে এই আইপিএস-কে?

ডায়মন্ড হারবার জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “আদালতের নিয়ম মেনেই এফআইআর রুজু করে দ্রুত তদন্ত শুরু হয়েছে। মিতুনকুমার দে-কে খুব শীঘ্রই নোটিস পাঠিয়ে ডায়মন্ড হারবার থানায় তলব করা হবে এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হবে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্রে তাঁরই ছায়াসঙ্গী পুলিশকর্তার বিরুদ্ধে এমন আদিম ও নারকীয় অত্যাচারের মামলা রুজু হওয়ায় দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে যে এক বিরাট তোলপাড় পড়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না।

Related Articles