খেলা

হাইতির পর মিশরের জার্সি নিয়েও বিতর্ক, বদলের নির্দেশ ফিফার

জার্সির সামনের অংশে থাকা সাতটি তারা মিশরের আফ্রিকা কাপ অব নেশনস-এ সাতবার শিরোপা জয়ের প্রতীক হলেও ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ ছাড়া অন্য কোনও প্রতিযোগিতার সাফল্য বোঝাতে তারা ব্যবহার করা যায় না।

Truth of Bengal: হাইতির পর আবারও জার্সি বিতর্কে উঠে এসেছে মিশর। মহম্মদ সালাহদের সেভেন স্টার জার্সি নিয়ে এবার কঠোর অবস্থান নিয়েছে ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। প্রথম ম্যাচের আগেই জার্সি পরিবর্তন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। সাতবারের আফ্রিকা চ্যাম্পিয়ন মিশরের জার্সিতে দু’টি বড় ধরনের সংশোধনের কথা বলা হয়েছে। জার্সির সামনের অংশে থাকা সাতটি তারা মিশরের আফ্রিকা কাপ অব নেশনস-এ সাতবার শিরোপা জয়ের প্রতীক হলেও ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ ছাড়া অন্য কোনও প্রতিযোগিতার সাফল্য বোঝাতে তারা ব্যবহার করা যায় না।

তাই সেই সাতটি তারা সরিয়ে ফেলতে হবে। নিয়ম অনুযায়ী শুধু বিশ্বকাপজয়ী দেশগুলিই জার্সিতে তারা ব্যবহার করতে পারে। এই ক্ষেত্রে ব্রাজিলের উদাহরণ দেওয়া হয়, যারা পাঁচবার বিশ্বকাপ জয়ের কারণে পাঁচটি তারা ব্যবহার করে। এর পাশাপাশি জার্সিতে থাকা নাম ও নম্বরের রঙ নিয়েও প্রশ্ন উঠেছে। সোনালি রঙে লেখা নাম ও নম্বর মাঠে এবং সম্প্রচারে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না বলে ফিফার মত। সেই কারণে ওই রঙও বদলাতে হবে।

এর আগে হাইতির জার্সি নিয়েও একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। হাইতির জার্সিতে ১৮০৩ সালের ঐতিহাসিক এক যুদ্ধের চিত্র এবং পোল্যান্ডের পতাকার প্রতীক ব্যবহার করা হয়েছিল। ফিফার নিয়ম অনুযায়ী ক্রীড়া সরঞ্জামে কোনও রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তা বা প্রতীক ব্যবহার করা যায় না। সেই কারণে হাইতিকে জার্সি পরিবর্তন করতে বলা হয়েছিল। এবার সেই একই নিয়মে মিশরের জার্সিতেও পরিবর্তনের নির্দেশ এসেছে।

Related Articles