বিনোদন

‘ডন ৩’ ছাড়তেই বলিউডে বয়কট রণবীর! ফেডারেশনের নিষেধাজ্ঞার পর মুখ লুকিয়ে এয়ারপোর্টে ‘ধুরন্ধর’ অভিনেতা

মুখ ঢাকা কালো মাস্কে, পাপারাজ্জিদের এড়িয়ে হনহন করে হাঁটলেন! মাঝরাতে মুম্বই এয়ারপোর্টে এ কী হাল ‘ধুরন্ধর’ অভিনেতার?

Truth of Bengal: ভাগ্য যে কখন কোন দিকে মোড় নেয়, তা বোধহয় খোদ বলিউড তারকারাও টের পান না। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ ছবির গগনচুম্বী সাফল্যের হাত ধরে যখন অভিনেতা রণবীর সিংয়ের কেরিয়ারের খরা কেটেছিল, ঠিক তখনই বি-টাউনে এক চরম ধাক্কা খেলেন অভিনেতা। ফারহান আখতারের মেগাবাজেট ছবি ‘ডন ৩’ (Don 3) থেকে আকস্মিক সরে দাঁড়িয়ে পরিচালক ও প্রযোজকদের নাকানিচোবানি খাওয়ানোর মাশুল এবার হাতেনাতে গুনতে হল তাঁকে। সোমবার সন্ধ্যায় ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (FWICE)-এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে রণবীর সিংকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ‘নিষিদ্ধ’ বা ব্যান করার ঘোষণা করা হয়েছে। আর এই চরম নিষেধাজ্ঞার পরই প্রথমবার জনসমক্ষে এলেন অভিনেতা।

ভোলবদল রণবীরের! এয়ারপোর্টে দেখা গেল গম্ভীর লুক

রণবীর সিং মানেই যিনি পাপারাজ্জিদের ক্যামেরা দেখলেই চওড়া হাসি হাসেন, অদ্ভুত পোশাকে এনার্জির সুনামি বইয়ে দেন। কিন্তু সোমবার রাতে মুম্বই বিমানবন্দরে যে রণবীরকে দেখা গেল, তিনি এক্কেবারে অচেনা! গায়ে সাদা পাজামা-কুর্তা, চোখে কালো সানগ্লাস এবং মুখ সম্পূর্ণ ঢাকা কালো মাস্কে। গাড়ি থেকে নেমে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে বিমানবন্দরের ভেতরে ঢুকে যাওয়ার সময় উপস্থিত ছবিশিকারিদের (Paparazzi) দিকে একটিবারও ফিরে তাকাননি তিনি। মাথা নিচু করে গম্ভীর মুখে হেঁটে যাওয়া রণবীরের এই ভিডিওটি সমাজমাধ্যমে বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে। অনুরাগীদের দাবি, ফেডারেশনের এই ‘বয়কট’ ঘোষণার ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি অভিনেতা, তাই এই মৌনব্রত।

ড্যামেজ কন্ট্রোলে নামল রণবীরের টিম

পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে ড্যামেজ কন্ট্রোল করতে তড়িঘড়ি ময়দানে নামতে হয়েছে রণবীর সিংয়ের জনসংযোগ টিমকে। অভিনেতার টিমের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বলা হয়েছে, “রণবীর সিং ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইজির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। তিনি আগামী দিনে তাঁর বাকি সমস্ত পেশাগত অঙ্গীকারগুলি নিষ্ঠার সঙ্গে বজায় রাখবেন।” ফারহান আখতারের প্রযোজনা সংস্থার সঙ্গে এই ছবি নিয়ে কোনও আইনি ঝঞ্ঝাট বা কাদা ছোড়াছুড়ি হলেও রণবীর যে সচেতনভাবেই এই বিষয়ে নিজে একটি ‘টুঁ’ শব্দও করেননি, তা সাফ জানিয়েছে অভিনেতার টিম। তবে ‘ধুরন্ধর’-এর মতো ব্লকব্লাস্টার হিট দেওয়ার পরেও ‘ডন’ সাজার স্বপ্নভঙ্গ এবং ফেডারেশনের এই বয়কটের কোপ রণবীরের কেরিয়ারকে কোন খাদের কিনারায় দাঁড় করায়, সেটাই এখন দেখার।

Related Articles