আবাসের ঘর থেকে জব কার্ডের কাটমানি! আমতায় তৃণমূল প্রধানের বাড়ি গুঁড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা
তৃণমূল প্রধানের বিলাসবহুল বাড়িতে গণরোষের ‘বুলডোজার’, পিটিয়ে ভাঙা হল এসি-সিসিটিভি!
Truth of Bengal: বাংলায় রাজনৈতিক পটপরিবর্তন ঘটতেই দিকে দিকে পূর্ববর্তী শাসকদলের নেতাদের বিরুদ্ধে ফুঁসে উঠছে আমজনতা। এবার সেই গণরোষের শিকার হলেন হাওড়ার আমতা ২ নম্বর ব্লকের কাশমুলি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অঞ্জলি দলুই। সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ এবং বছরের পর বছর ধরে কাটমানি খাওয়ার অভিযোগে রবিবার সকালে লাঠিসোটা ও ইট নিয়ে প্রধানের বাড়িতে চড়াও হন শ’য়ে শ’য়ে ভুক্তভোগী গ্রামবাসী।
ঠুকে ঠুকে ভাঙা হল এসি, সিসিটিভি ক্যামেরা
প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার সকালে আচমকাই কাশমুলির বিস্তীর্ণ এলাকা থেকে গ্রামবাসীরা এসে প্রধানের বাড়িটি ঘিরে ফেলেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রধানের বাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছুড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। জানলার কাচ ভেঙে ফেলার পাশাপাশি প্রধানের বাড়ির দেওয়ালে লাগানো সিসিটিভি ক্যামেরা এবং ঘরের এসিগুলি বাঁশ দিয়ে পিটিয়ে, ঠুকে ঠুকে ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখানো প্রধান ও তাঁর পরিবার এদিন জনতার রুদ্রমূর্তি দেখে কার্যত ঘরের কোণে আত্মগোপন করতে বাধ্য হন।
অভিযোগের পাহাড়: ঘর থেকে জব কার্ড সব কিছুতেই কাটমানি!
বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, অঞ্জলি দলুই প্রধান হওয়ার পর থেকে তাঁর স্বামী এলাকায় সমান্তরাল প্রশাসন চালাচ্ছিলেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে দরিদ্র মানুষের থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করেছেন এই দম্পতি। এমনকি ৫০০ টাকা করে নিয়েও ১০০ দিনের কাজের জব কার্ড আটকে রাখার মারাত্মক অভিযোগ উঠেছে প্রধানের স্বামীর বিরুদ্ধে। এক গ্রামবাসী ক্ষোভ উগরে দিয়ে বলেন, “দিনের পর দিন গরিব মানুষের পেটে লাথি মেরে ওরা এসি ঘরে ঘুমিয়েছে। নতুন সরকার আসতেই আমরা সাহস পেয়েছি। আমাদের হকের টাকা ফেরত দিতে হবে।”
জয়পুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে
ঘটনার খবর পেয়েই পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় ছুটে আসে জয়পুর থানার পুলিশ। গ্রামবাসীদের বুঝিয়ে এবং হালকা লাঠিচার্জ করে প্রধানের বাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। তবে এই ব্যাপক ভাঙচুর ও দুর্নীতির অভিযোগ নিয়ে অভিযুক্ত পঞ্চায়েত প্রধান বা তৃণমূল নেতৃত্বের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।






